ইরানের মিনাব শহরে স্কুলে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত শিশুরা ‘দুটি নোংরা বোমার’ শিকার হয়েছে বলে মন্তব্য করেছেন জার্মানিতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মাজিদ নিলি আহমাদাবাদি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক আগ্রাসনের সময় শাজারেহ তাইয়্যেবেহ স্কুলে চালানো হামলার নিন্দা জানিয়ে তিনি এ মন্তব্য করেন।
বিশ্ব শিশু দিবস উপলক্ষে শুক্রবার (২৭ নভেম্বর) দেওয়া এক বার্তায় রাষ্ট্রদূত বলেন, স্কুলটিতে ক্ষেপণাস্ত্র হামলায় ১৬৮ শিক্ষার্থী ও কর্মী নিহত হয়েছেন।
তিনি লেখেন, ‘আমার বিশ্বাস, মিনাবের শিশুরা দুটি নোংরা বোমার শিকার হয়েছে। একটি হলো আমেরিকান ও জায়নবাদী বোমা, অন্যটি হলো মানবাধিকারের দাবিদার কিছু মানুষের নীরবতার নোংরা বোমা—যাঁরা এই স্পষ্ট অপরাধের ঘটনায় চোখ বন্ধ করে রেখেছেন।’
হামলার জন্য দায়ীদের জবাবদিহির আওতায় আনার দাবি জানিয়ে নিলি আহমাদাবাদি বলেন, ‘ন্যায়বিচারের সামনে তাদের অবশ্যই জবাব দিতে হবে।’
আন্তর্জাতিক সংস্থা সেভ দ্য চিলড্রেনের নতুন এক প্রতিবেদনের উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, ২০২৫ সালে প্রায় ৫৮ কোটি ৯০ লাখ শিশু সংঘাতপূর্ণ এলাকায় বসবাস করেছে।
এ সংখ্যাকে উদ্বেগজনক রেকর্ড এবং মানবজাতির বিবেকের প্রতি সতর্কবার্তা হিসেবে উল্লেখ করেন তিনি। তাঁর আশঙ্কা, এ দিক থেকে ২০২৬ সাল আরও ভয়াবহ হয়ে উঠতে পারে।
তিনি বলেন, ‘এর একটি উদাহরণ হলো, ইরানে ফেব্রুয়ারির হামলার সময় মিনাবের বিপর্যয়, যেখানে ১৬৮ শিক্ষার্থী ও কর্মী শহীদ হয়েছেন।’
ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশের মিনাব শহরে অবস্থিত শাজারেহ তাইয়্যেবেহ স্কুলে ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানবিরোধী সামরিক অভিযান শুরুর প্রথম দিনেই এ হামলার ঘটনা ঘটে।
পরবর্তী কয়েক মাসে এ হামলা মানবাধিকার মহল ও আন্তর্জাতিক গণমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে।
এদিকে হামলার দায় আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি ওয়াশিংটন। এ বিষয়ে তাদের অভ্যন্তরীণ তদন্তের ফলও প্রকাশ করা হয়নি।
রাষ্ট্রদূতের এ বক্তব্য এমন এক সময়ে এল, যখন পশ্চিমা গণমাধ্যমে ইরানের বিরুদ্ধে নানা অভিযোগ উঠছে।
গত ১৭ নভেম্বর সিএনএন এক প্রতিবেদনে জানায়, মার্কিন গোয়েন্দা তথ্য অনুযায়ী, ইরান ওয়াশিংটন ডিসিতে তেজস্ক্রিয় ‘ডার্টি বোমা’ বা রাসায়নিক অস্ত্র বিস্ফোরণের সম্ভাব্য পরিকল্পনা তৈরি করছে।
প্রতিবেদনটি সাতজন নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তার বক্তব্যের ওপর ভিত্তি করে প্রকাশ করা হয়। তবে এতে জনসমক্ষে যাচাইযোগ্য কোনো প্রমাণ উপস্থাপন করা হয়নি। এমনকি ওই কর্মকর্তারাও বলেননি যে ইরান এ ধরনের হামলা চালানোর সিদ্ধান্ত নিয়েছে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাঘচি এ প্রতিবেদনকে ‘ইরাক যুদ্ধের সময়কার প্রচারণার মতো’ বলে প্রত্যাখ্যান করেছেন।