জামালপুরে বোমা সদৃশ বস্তু নিষ্ক্রিয় করলো সেনাবাহিনী

আপডেট : ১৫ নভেম্বর ২০২৬, ০২:০৭ পিএম

জামালপুর শহরের রেলওয়ে ওভারপাসে পড়ে থাকা বোমা সদৃশ একটি বস্তু নিষ্ক্রিয় করেছে সেনাবাহিনীর বম্ব ডিসপোজাল ইউনিট। শনিবার (১৪ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে শহরের ফুলবাড়িয়া ঈদগাহ মাঠে সেনাবাহিনীর বিশেষজ্ঞ দল বস্তুটি নিষ্ক্রিয় করে। এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

এর আগে শনিবার সন্ধ্যা ৬টার দিকে শহরের গেটপাড় এলাকায় রেলওয়ে ওভারপাসের ওপর বস্তুটি পড়ে থাকতে দেখেন পথচারীরা। পরে তারা বিষয়টি পুলিশকে জানান। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওভারপাসটি ঘিরে ফেলে এবং নিরাপত্তার স্বার্থে ওই সড়কে যান চলাচল বন্ধ করে দেয়। এতে সন্ধ্যা থেকে রাত পর্যন্ত স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ঘাটাইল সেনানিবাস থেকে মেজর শাহীনের নেতৃত্বে ২ ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়নের বম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। সেনাবাহিনীর সদস্যরা বস্তুটি উদ্ধার করে ফুলবাড়িয়া ঈদগাহ মাঠে নিয়ে যান। পরে রাত সাড়ে ১১টার দিকে সেটি নিষ্ক্রিয় করা হয়।

এদিকে, এ ঘটনার জন্য নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগকে দায়ী করেছে জামালপুর জেলা বিএনপি। দলটির নেতাদের দাবি, রাজনৈতিকভাবে আতঙ্ক সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের অংশ হিসেবে ঘটনাটি ঘটানো হয়ে থাকতে পারে।

জামালপুর-৫ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক ওয়ারেছ আলী মামুন বলেন, সন্ধ্যা থেকে রাত পর্যন্ত জামালপুরের মানুষ ও প্রশাসন আতঙ্কের মধ্যে ছিলেন। বস্তুটি নিষ্ক্রিয় করা হলেও সেনাবাহিনীর আনুষ্ঠানিক বক্তব্য না পাওয়া পর্যন্ত এটি বোমা, নাকি অন্য কিছু—তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।

তিনি আরও বলেন, গত কয়েক দিন ধরে সারা দেশে রাজনৈতিকভাবে আতঙ্ক সৃষ্টি ও দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে বলে তাদের ধারণা। জামালপুরে পাওয়া বস্তুটিও সেই ষড়যন্ত্রের অংশ হতে পারে বলে মনে করেন তিনি। তবে এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে জামালপুরকে অস্থিতিশীল করা বা এখানকার মানুষকে আতঙ্কিত করা যাবে না। জনগণ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সম্মিলিতভাবে এ ধরনের পরিস্থিতি মোকাবিলা করবে বলেও মন্তব্য করেন তিনি।

এমইউ
আরও পড়ুন
সর্বশেষপঠিত