লালন সাঁইয়ের আখড়াবাড়ি থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার

আপডেট : ১৯ অক্টোবর ২০২৬, ১১:৫৫ এএম

কুষ্টিয়ার কুমারখালীতে ফকির লালন সাঁইয়ের আখড়াবাড়ির প্রধান ফটকের কাছে একটি ব্যাগ থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। পরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বম্ব ডিসপোজাল টিমের সদস্যরা সেটি নিষ্ক্রিয় করেন।

রোববার (১৮ অক্টোবর) দিবাগত রাত ১২টার দিকে আখড়াবাড়ির প্রধান ফটকের কাছ থেকে ব্যাগটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে আখড়াবাড়িতে তিন দিনব্যাপী উৎসব চলছিল। সোমবার রাতে সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসব শেষ হওয়ার কথা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দিবাগত রাত ১২টার দিকে আখড়াবাড়ির কাছে একটি চায়ের দোকানের কর্মী সাদা রঙের একটি ব্যাগ পড়ে থাকতে দেখেন। পরে ব্যাগটি খুলে তিনি লাল টেপে মোড়ানো বোমাসদৃশ বস্তু, প্রায় দুই লিটার পেট্রল এবং সার্কিটের মতো দেখতে দুটি বস্তু দেখতে পান। বিষয়টি তিনি কুমারখালী থানা পুলিশ ও মেলা আয়োজক কমিটিকে জানান।

খবর পেয়ে পুলিশ, এসআরবি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে এলাকাটি ঘিরে ফেলেন। এ সময় মাজারের প্রধান ফটকও বন্ধ করে দেওয়া হয়। পরে রাত আড়াইটার দিকে ডিএমপির এসআরইউ ইউনিটের বম্ব ডিসপোজাল টিম ঘটনাস্থলে গিয়ে বস্তুটি নিষ্ক্রিয় করে।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, ঘটনার পর আখড়াবাড়ির নিরাপত্তা জোরদার করা হয়েছে। কে বা কারা ব্যাগটি সেখানে রেখেছে, তা খতিয়ে দেখছে পুলিশ।

এমইউ
আরও পড়ুন
সর্বশেষপঠিত