ভোলার মনপুরা উপজেলার মেঘনা নদীতে জেলের জালে ধরা পড়েছে একটি বড় আকৃতির ‘রাজা ইলিশ’। ২ কেজি ৮০০ গ্রাম ওজনের মাছটি স্থানীয় মৎস্যঘাটে নিলামে বিক্রি হয়েছে ৯ হাজার টাকায়।
শনিবার (২০ জুন) সকাল সাড়ে ১০টার দিকে মনপুরা ইউনিয়নের রামনেওয়াজ মৎস্যঘাটে অবস্থিত আমানত উল্যাহ আলমগীরের মৎস্য আড়তে মাছটির নিলাম অনুষ্ঠিত হয়।
আড়তের ম্যানেজার নাহিদ জানান, সকালে কলাতলীচর আবাসন খালের কামাল মাঝি ও তার সঙ্গীরা রামনেওয়াজ সংলগ্ন মেঘনা নদীতে মাছ ধরছিলেন। একপর্যায়ে তাদের জালে ধরা পড়ে বিশাল আকৃতির ইলিশটি। স্থানীয় জেলে ও আড়তদারদের ভাষায় এ ধরনের বড় ইলিশকে ‘রাজা ইলিশ’ বলা হয়।
মৎস্যঘাটের ব্যবসায়ী আইয়ুব পাটোয়ারী জানান, অন্যান্য ব্যবসায়ীদের উপস্থিতিতে মাছটি আড়তের নিলাম বাক্সে তোলা হয়। প্রতিযোগিতামূলক দর হাঁকার পর সর্বোচ্চ ৯ হাজার টাকায় মাছটি কিনে নেন মৎস্য ব্যবসায়ী জোবায়ের হাসান রাজিব চৌধুরী।
ক্রেতা রাজিব চৌধুরী বলেন, ঢাকার পাইকারি বাজারে বড় আকারের ইলিশের ব্যাপক চাহিদা রয়েছে। সেখানে মাছটি আরও বেশি দামে বিক্রি করা সম্ভব হবে বলে তিনি আশা করছেন।
মনপুরা উপজেলা মৎস্য কর্মকর্তা উজ্জ্বল বনিক বলেন, ইলিশের প্রজনন মৌসুম সফল হওয়ায় প্রতি বছর বড় আকারের ইলিশ ধরা পড়ছে। বর্ষাকালে বৃষ্টিপাত বৃদ্ধি পেলে নদীতে আরও বড় সাইজের ইলিশ পাওয়া যাবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।