দীর্ঘ সময় ধরে চলা লাগাতার লোডশেডিংয়ের প্রতিবাদ এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহসহ সাত দফা দাবিতে বরগুনায় ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ওজোপাডিকো) কার্যালয় ঘেরাও ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন সাধারণ মানুষ।
সোমবার (৩ আগস্ট) সকাল ১০টায় বরগুনা জেলা নাগরিক অধিকার সংরক্ষণ কমিটির উদ্যোগে ওজোপাডিকোর বরগুনা কার্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থী, ব্যবসায়ী, সচেতন নাগরিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল নিয়ে বিদ্যুৎ অফিস ঘেরাও করেন তারা।
এ সময় বিক্ষোভকারীরা বলেন, দীর্ঘদিন ধরে ঘন ঘন ও ঘণ্টার পর ঘণ্টা লোডশেডিংয়ের কারণে বরগুনাবাসীর স্বাভাবিক জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে। শিক্ষার্থীদের পড়াশোনা, ব্যবসা-বাণিজ্য, চিকিৎসাসেবা এবং দৈনন্দিন কর্মকাণ্ডে মারাত্মক ভোগান্তি সৃষ্টি হয়েছে। তাই অবিলম্বে লোডশেডিং বন্ধ করে ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার দাবি জানান তারা।
বক্তারা আরও বলেন, দেশের দ্বিতীয় বৃহত্তম মৎস্য অবতরণ কেন্দ্র পাথরঘাটা বিএফডিসি ঘাটে বিদ্যুৎ সংকটের কারণে বরফ উৎপাদন ব্যাহত হচ্ছে। এতে হাজারো জেলে, মৎস্য ব্যবসায়ী ও সংশ্লিষ্ট উদ্যোক্তারা আর্থিক ক্ষতির মুখে পড়ছেন, যা স্থানীয় অর্থনীতিতেও নেতিবাচক প্রভাব ফেলছে।
বিক্ষোভকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী সাত দিনের মধ্যে বিদ্যুৎ সমস্যার কার্যকর সমাধান না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। প্রয়োজনে বিদ্যুৎ অফিসে তালা ঝুলিয়ে দেওয়ার মতো কর্মসূচিও পালন করা হবে বলে তারা ঘোষণা দেন।
কর্মসূচির শেষে সাত দফা দাবি সংবলিত একটি স্মারকলিপি ওজোপাডিকোর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর জমা দেন আন্দোলনকারীরা।