জেলা পরিষদ পার্কে শিক্ষার্থীর টাকা ছিনতাইয়ের রহস্য উদ্ঘাটন

নওগাঁয় শিক্ষার্থীর টাকা ছিনতাই: পেশাদার ছিনতাইকারী গ্রেপ্তার

আপডেট : ০৩ আগস্ট ২০২৬, ০৩:০৬ পিএম

নওগাঁ সরকারি কলেজের এক শিক্ষার্থীর টাকা ছিনতাইয়ের ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে মো. আব্দুল আহাদ (২০) নামে এক পেশাদার ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। 

সোমবার (০৩ আগস্ট) পুলিশ মিডিয়া গ্রুপে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন নওগাঁ জেলা পুলিশ সুপার তারিকুল ইসলাম। তার বিরুদ্ধে একই ধরনের আরও তিনটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত কয়েকদিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে নওগাঁর পুলিশ সুপারের একটি সাক্ষাৎকারে জানা যায়, নওগাঁ সরকারি কলেজের এক শিক্ষার্থীর টাকা জেলা পরিষদ পার্কের কাছে ছিনতাই হয়েছে। বিষয়টি নজরে আসার সঙ্গে সঙ্গে পুলিশ সুপার জেলা গোয়েন্দা শাখাকে (ডিবি) ভুক্তভোগীর সঙ্গে যোগাযোগ করে ঘটনার তদন্ত এবং জড়িতদের গ্রেপ্তারের নির্দেশ দেন।

তদন্তে জানা যায়, গত ৩০ জুলাই ২০২৬ বিকেল ৫টার পর ভুক্তভোগী রবিউল ইসলাম তার বন্ধু তানভীর সহ জেলা পরিষদ পার্কে ঘুরতে যান। এ সময় ২–৩ জন ছিনতাইকারী তাদের ভয়ভীতি দেখিয়ে মানিব্যাগ থেকে টাকা ছিনিয়ে নেয়। ভুক্তভোগী দুই শিক্ষার্থী নওগাঁ শহরের ডিগ্রি মোড় এলাকার একটি ছাত্রাবাসে থাকেন।

ঘটনার খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লেও ভুক্তভোগীরা প্রথমে থানায় কোনো অভিযোগ করেননি। পরে পুলিশ সুপার তাদের মামলা করার পরামর্শ দেন এবং ডিবিকে আসামি শনাক্ত করে গ্রেপ্তারের নির্দেশনা দেন।

ডিবি পুলিশ পার্ক এলাকার তথ্যপ্রযুক্তি বিশ্লেষণ, সাক্ষ্য-প্রমাণ সংগ্রহ ও যাচাই-বাছাই শেষে ছিনতাইকারীকে গ্রেপ্তার করে। পরে ভুক্তভোগীরা তাকে শনাক্ত করেন।

নওগাঁ জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসিবুল্লাহ হাসিব জানিয়েছে, গ্রেপ্তার হওয়া ওই ছিনতাইকারীর সহযোগিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। একই সঙ্গে জেলার ছিনতাইকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণে জেলা পুলিশ বদ্ধপরিকর বলেও জানানো হয়েছে।

MCH/YA
আরও পড়ুন
সর্বশেষপঠিত