ভান্ডারিয়ায় যুবলীগ নেতা গ্রেপ্তার

ঝালকাঠির রাজাপুর উপজেলা যুবলীগ নেতা খান রেজবি সাব্বিরকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৮ আগস্ট) সন্ধ্যায় ভান্ডারিয়া উপজেলার চরখালি ফেরিঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃত খান রেজবি সাব্বির পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার পশারীবুনিয়া গ্রামের আব্দুল খালেকের ছেলে। তিনি রাজাপুর উপজেলা যুবলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন।

পুলিশ জানায়, ওই দিন তার অবস্থানের তথ্য পেয়ে চরখালি ফেরিঘাট এলাকায় অভিযান চালান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তিনটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির পর দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন সাব্বির। এছাড়া বিভিন্ন থানায় তার বিরুদ্ধে আরও নয়টি মামলা রয়েছে।

ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, খান রেজবি সাব্বিরকে পরোয়ানার ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।