তিন জেলেকে ধরে নিয়ে গেলো আরাকান আর্মি

আপডেট : ০৯ আগস্ট ২০২৬, ১০:১২ এএম

কক্সবাজারের টেকনাফে বাংলাদেশের জলসীমা অতিক্রম করে নাফ নদীর মোহনা থেকে তিন জেলেকে ট্রলারসহ ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি (এএ) । শনিবার (৮ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে নাফ নদী ও বঙ্গোপসাগরের মোহনার নাইক্ষ্যংদিয়া এলাকায় এই ঘটনা ঘটে।

অপহৃতরা হলেন- টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপের জালিয়াপাড়া এলাকার লেডা মিয়ার ছেলে জসিম উদ্দিন (৩০) ও একই এলাকার মমতাজ মিয়ার ছেলে মোহাম্মদ ইসমাইল (২৭)। অপর জেলের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

স্থানীয় জেলেরা জানান, মিয়ানমারের রাখাইন রাজ্যে সংঘাতের প্রভাব সীমান্তবর্তী নাফ নদী ও বঙ্গোপসাগরেও পড়েছে। ফলে মাছ ধরতে গিয়ে বারবার মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠীর হাতে জেলেদের আটক হওয়ার ঘটনায় উদ্বেগ বাড়ছে।

শাহপরীর দ্বীপ জালিয়াপাড়া নৌঘাট কমিটির সভাপতি আব্দুল গণি বলেন, শনিবার সকালে ওই তিন জেলে নাফ নদীতে মাছ ধরতে যান। একপর্যায়ে আরাকান আর্মির সদস্যরা তাদের আটক করে ট্রলারসহ মিয়ানমারের দিকে নিয়ে যায়। এর আগেও একই এলাকা থেকে ২০ থেকে ২৫ জন জেলেকে ধরে নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। নাফ নদী ও সাগরে মাছ শিকার এখন জেলেদের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। জেলেদের মধ্যে সবসময় আরাকান আর্মির আতঙ্ক কাজ করে। সুযোগ পেলেই তারা স্পিডবোটে এসে অস্ত্রের মুখে জেলেদের ধরে নিয়ে যায়।

সাবরাং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মান্নান বলেন, জালিয়াপাড়া এলাকার তিন জেলেকে আরাকান আর্মি ধরে নিয়ে যাওয়ার বিষয়টি তিনি শুনেছেন। বিষয়টি খোঁজখবর নিয়ে স্থানীয় প্রশাসনকে জানানো হচ্ছে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম অনীক চৌধুরী জানান, তিন জেলেকে আরাকান আর্মি ধরে নিয়ে যাওয়ার বিষয়ে অবগত আছেন। বিষয়টি নিয়ে বিজিবির সঙ্গে যোগাযোগ করে জেলেদের ফেরত আনার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

MU
আরও পড়ুন