ক্ষেতলালে ১৯ মামলার আসামি ‘আশরাফ ডাকাত’ গ্রেপ্তার

আপডেট : ০৯ নভেম্বর ২০২৬, ০১:৩৯ পিএম

জয়পুরহাটের ক্ষেতলালে পুলিশের অভিযানে ১৯টি মামলার আসামি আশরাফ আলী আকন্দ ওরফে ‘আশরাফ ডাকাত’কে গ্রেপ্তার করা হয়েছে। তার গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বস্তি দেখা দেয়।

রোববার (৮ নভেম্বর) বেলা দেড়টার দিকে উপজেলার বড়তারা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার আশরাফ আলী আকন্দ ক্ষেতলাল উপজেলার বড়তারা ইউনিয়নের বড়তারা কুচিপাড়া গ্রামের আফতাব আলী আকন্দের ছেলে। পুলিশের তথ্য অনুযায়ী, চুরি, ডাকাতির প্রস্তুতি, সংঘবদ্ধ ডাকাতি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনসহ বিভিন্ন অপরাধে বিভিন্ন থানায় তার বিরুদ্ধে মোট ১৯টি মামলা রয়েছে।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, ক্ষেতলাল থানা ছাড়াও জয়পুরহাট সদর, কালাই ও বগুড়া সদর থানায় আশরাফের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এসব মামলার কয়েকটিতে তার বিরুদ্ধে অভিযোগপত্রও দাখিল হয়েছে। এর আগে তাঁকে গ্রেপ্তারে ক্ষেতলাল ও কালাই থানা পুলিশ একাধিকবার বাড়িতে অভিযান চালালেও প্রতিবারই তিনি পালিয়ে যান।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে জিজ্ঞাসাবাদে এ ঘটনায় আরও দুজনের সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে। তবে তদন্তের স্বার্থে তাঁদের পরিচয় প্রকাশ করেনি পুলিশ।

সর্বশেষ গত ৭ নভেম্বর ক্ষেতলাল থানায় দায়ের করা ডাকাতির প্রস্তুতি ও মাদকদ্রব্যসংক্রান্ত মামলাতেও আশরাফকে সন্দিগ্ধ আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে।

ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তারুল আলম জানান, আশরাফ আলী আকন্দের বিরুদ্ধে বিভিন্ন থানায় ১৯টি মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে আরও দুজনের সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেলেও তদন্তের স্বার্থে তাঁদের পরিচয় প্রকাশ করা যাচ্ছে না।

ওসি আরও জানান, সোমবার (৯ নভেম্বর) সকাল ১০টার দিকে পুলিশি পাহারায় আশরাফ আলী আকন্দকে জয়পুরহাটের আদালতে পাঠানো হয়েছে।

এমইউ
আরও পড়ুন