‘বৃক্ষ রোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলার লালমোহনে উপজেলা বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন করা হয়েছে। রোববার (৯ আগস্ট) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত বিন সাদেকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বন বিভাগের সহকারী কর্মকর্তা মনিরুজ্জামান, উপজেলা বিএনপির সভাপতি জাফর ইকবাল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল, লালমোহন প্রেসক্লাবের সভাপতি সোহেল মো. আজিজ শাহিন প্রমুখ।
বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং সাধারণ মানুষের মধ্যে বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে সচেতনতা সৃষ্টির ওপর গুরুত্বারোপ করা হয়।
বৃক্ষরোপণ শেষে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বসবাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে গাছ লাগানোর বিকল্প নেই। সরকারের এ উদ্যোগ বাস্তবায়নে সকলেই নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে এসে বিভিন্ন স্থানে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করলে পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।