লালমোহনে নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন

আপডেট : ০৯ নভেম্বর ২০২৬, ০৮:৩৭ এএম

‘করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে ভোলার লালমোহনে নানা কর্মসূচির মধ্য দিয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে।

রোববার (৮ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালি শেষে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সিফাত বিন সাদেকের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা সমবায় কর্মকর্তা মো. আব্দুল হাদী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মাসুদ, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আলী আহমদ আখন্দ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর লালমোহন পৌরসভা সেক্রেটারি মো. সোলাইমান জমাদার এবং ডা. আজাহার উদ্দিন ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো. সালাউদ্দিন।

সভায় বক্তারা বলেন, সমবায় সম্মিলিত উদ্যোগ ও পারস্পরিক সহযোগিতার কার্যকর মাধ্যম। এর মাধ্যমে মানুষের মধ্যে ঐক্য, সম্প্রীতি ও সহযোগিতার মনোভাব তৈরি হয়। দেশের অর্থনৈতিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে সমবায়ের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

তাঁরা আরও বলেন, স্বনির্ভর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সমবায় আন্দোলনকে আরও শক্তিশালী করতে হবে। এ জন্য সমবায়ীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার পাশাপাশি তৃণমূল পর্যায়ে সমবায়ভিত্তিক উদ্যোগ ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্ব দেন বক্তারা।

এ সময় বিভিন্ন পর্যায়ের সমবায়ী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এমইউ
আরও পড়ুন