বরিশালের বাবুগঞ্জ উপজেলায় আড়িয়াল খাঁ নদের আকস্মিক ভাঙনে একদিনে দশ বসতঘর বিলীন হয়ে গেছে। পাশাপাশি ভাঙনের কবলে পড়েছে সড়ক, ফসলি জমি ও গাছপালা। বসতভিটা হারিয়ে পরিবারগুলো বিপাকে পড়েছেন।
শুক্রবার (২১ আগস্ট) বিকেলে সরেজমিনে দেখা যায়, নদের তীরের প্রায় ১০০ ফুট এলাকায় ফাঁটল দেখা দেওয়ার পর অল্প সময়ের মধ্যেই প্রায় ৫০ ফুট সড়কসহ একের পর এক বসতঘর নদীগর্ভে চলে যায়। পরিস্থিতি এতো দ্রুত অবনতি হয় যে, অনেকেই ঘরের মালামাল সরিয়ে নেওয়ার সুযোগ পায়নি।
ভুক্তভোগীরা জানান, কয়েকদিনর টানা বৃষ্টিতে নদীর পানি বাড়তে থাকায় তীরের মাটিতে ধসের সৃষ্টি হয়। পরে আকস্মিক ভাঙনে চোখের সামনে তাদের বসতঘর, গাছপালা ও ফসলি জমি হারাতে হয়েছে। বর্তমানে অনেকে খোলা আকাশের নিচে কিংবা স্বজনদের বাড়িতে আশ্রয় নিয়েছেন।
স্থানীয় ইউপি সদস্য জামাল হোসেন পুতুল বলেন, আড়িয়াল খাঁ নদের হঠাৎ ভাঙনে মোহাম্মদ কলম সরদার, আজহার মোল্লা, মতলব হাওলাদার, হাকিম হাওলাদার, মোহাম্মদ হাসিব, সুফিয়া বেগম, কালাম সরদার ও সামসু হাওলাদারসহ বেশ কয়েকটি পরিবারের ঘরবাড়ি ও জমি নদীতে চলে গেছে। পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা উল হুসনা জানান, আড়িয়াল খাঁ নদের আকস্মিক ভাঙনের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহায়তার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। ভাঙন ঠেকাতে পানি উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সমন্বয় করে দ্রুত ব্যবস্থা নেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।