সাংবাদিক কন্যাদের শিক্ষাবৃত্তি প্রদান করলো মিডিয়া ফ্রন্টলাইন

আপডেট : ২২ আগস্ট ২০২৬, ১১:৪৮ এএম

রাজধানীতে বিভিন্ন জটিল রোগে আক্রান্ত, চিকিৎসাধীন ও আর্থিক অসচ্ছল সাংবাদিক কন্যাদের শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। শনিবার (২২ আগস্ট) সকালে সামস-সন্ধ্যা ট্রাস্টের আয়োজনে মিডিয়া ফ্রন্টলাইনের সার্বিক তত্ত্বাবধানে বনশ্রী সি ব্লকে প্রধান কার্যালয়ে এই বৃত্তি প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মিডিয়া ফ্রন্টলাইনের চেয়ারম্যান ও দৈনিক খবর সংযোগের সম্পাদক শেখ নজরুল ইসলাম। 

Providing scholarships to daughters of journalists2

প্রধান অতিথির বক্তব্যে সম্পাদক শেখ নজরুল ইসলাম বলেন, আপনারা শুনে থাকবেন, সমাজে অনেকেই সঠিক দিকনির্দেশনা বা কাজের সঠিক ফল পান না, আবার অনেকের জীবন কাটে চরম কষ্টে। আল্লাহ তায়ালার অশেষ রহমত এবং সঠিক জীবনযাত্রাই আমাদের মূল সম্বল। আপনারা অত্যন্ত কষ্টের মধ্য দিয়ে সন্তানদের বড় করে তুলছেন। একটি শিশুকে সুন্দরভাবে গড়ে তুলে সমাজ ও দেশের একজন দায়িত্বশীল, দক্ষ নাগরিক হিসেবে তৈরি করা অত্যন্ত বড় ও প্রশংসনীয় কাজ।

Providing scholarships to daughters of journalists3

তিনি আরও বলেন, বর্তমানে সমাজে খেয়াল করলে দেখা যায়, অনেকেই সুপারিশ ছাড়া এক পা-ও এগোতে পারেন না। কোনো সুপারিশ ছাড়াই নিজের যোগ্যতায় দুনিয়াতে স্থান করে নেওয়া বেশ কঠিন। আমাদের সংবাদমাধ্যম, ফ্রন্টলাইন কর্মী, স্বেচ্ছাসেবক কিংবা কারখানায় কর্মরত শ্রমজীবী মানুষ-যাঁরা বিভিন্ন ক্ষেত্রে নিয়োজিত রয়েছেন, তাদের প্রত্যেকেই কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেদের অবস্থান তৈরি করছেন।

মিডিয়া ফ্রন্টলাইনের চেয়ারম্যান শেখ নজরুল ইসলাম জোর দিয়ে বলেন, আল্লাহ ও তাঁর রাসুলের দেখানো পথই একমাত্র প্রকৃত শক্তির পথ। আমাদের সবার উচিত নিজের নফসের বিরুদ্ধে যুদ্ধ করা এবং নিজেকে প্রতিনিয়ত পরিশুদ্ধ করা। আমরা যদি দুনিয়াতে নিজেদের জীবন সৎ ও সঠিকভাবে পরিচালনা করতে পারি, তবে আখিরাতের জীবন এর চেয়েও অনেক বেশি উত্তম ও কল্যাণময় হবে। মহান আল্লাহর দরবারে প্রার্থনা, আমাদের সামনের দিনগুলো যেন আরও সুন্দর ও সমৃদ্ধ হয়।

বৃত্তি প্রদান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মিডিয়া ফ্রন্ট লাইনের চিফ কো-অর্ডিনেটর সিনিয়র সাংবাদিক ও মানবাধিকারকর্মী জাকির মজুমদার, মিডিয়া ফ্রন্টলাইনের এসিট্যান্ট কো-অর্ডিনেটর মাজাহারুল হক পাঠান, বিভাগীয় কো-অর্ডিনেটর আবরার আহমেদ। এসময় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও তাদের অভিভাবক, মিডিয়া ফ্রন্টলাইনের কর্মকর্তাসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০১৯ সালের জানুয়ারি থেকে সাংবাদিক কন্যাদের শিক্ষাবৃত্তি প্রদান করে আসছে ‘সামস-সন্ধ্যা ট্রাস্ট’। বিভিন্ন জটিল রোগে আক্রান্ত, চিকিৎসাধীন ও আর্থিক অসচ্ছল সাংবাদিক কন্যাদের এই বৃত্তি দেওয়া হয়। এই শিক্ষাবৃত্তি প্রদানে সার্বিক সহযোগিতা ও তত্ত্বাবধান করছে মিডিয়া ফ্রন্টলাইন ফাউন্ডেশন। বিশিষ্ট ব্যাংকার ও ‘সামস-সন্ধ্যা ট্রাস্ট’-এর চেয়ারম্যান মোহাম্মদ রফিকুল ইসলামের উদ্যোগে দু’জন মহীয়সী নারীর স্মরণে সামস-সন্ধ্যা ট্রাস্টের যাত্রা শুরু হয়েছিল।

Maz/Ya/Mu
আরও পড়ুন