বরগুনায় পৃথক দুটি অভিযানে বাবা-ছেলেসহত ৩ জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় ১১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে সদর উপজেলার ১ নম্বর বদরখালী ইউনিয়নের তেঁতুলবাড়ীয়া এলাকায় অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবাসহ এক যুবক এবং একটি বসতঘরের শয়নকক্ষ থেকে ১০০ পিস ইয়াবাসহ বাবা ও ছেলেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- সদর উপজেলার বাসিন্দা মো. সাব্বির রহমান (১৯)। একই এলাকায় মো. লাল মিয়া জমাদ্দার (৬৬) ও তার ছেলে মো. লিটন (৪০)।
ডিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই দিন বিকেল ৪টার দিকে তেঁতুলবাড়ীয়া ৮ নম্বর ওয়ার্ডের বান্দাকাটা বাজারসংলগ্ন ফুলঝুড়ি-গুলিশাখালী সড়কে অভিযান চালায় ডিবি পুলিশের একটি দল। উপপরিদর্শক (এসআই) বিকাশ কর্মকারের নেতৃত্বে পরিচালিত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পৃথক দুটি অভিযানে ইয়াবা উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি নিয়মিত মামলা করা হয়েছে।
বরগুনার পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে বরগুনা জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে। মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি রয়েছে।