বরগুনায় চাচিকে পিটিয়ে হত্যা, ভাতিজা পলাতক

বরগুনার পাথরঘাটায় পারিবারিক বিরোধের জেরে পিয়ারা বেগম (৬২) নামে এক নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁর দেবরের ছেলে মো. আল আমিনের (৩৬) বিরুদ্ধে। ঘটনার পর থেকে অভিযুক্ত আল আমিন পলাতক রয়েছেন।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার রায়হানপুর ইউনিয়নের লেমুয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত পিয়ারা বেগম ওই এলাকার মৃত আজাহার পেদার মেয়ে এবং মৃত শাহজাহান মাতুব্বরের স্ত্রী। অভিযুক্ত আল আমিন একই এলাকার আ. সালাম মাতুব্বরের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুপুরের দিকে আল আমিনের ছোট ভাইয়ের সঙ্গে কোনো একটি বিষয় নিয়ে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে বিষয়টি নিয়ে উত্তেজনা সৃষ্টি হলে সেখানে আসেন পিয়ারা বেগম। এ সময় আল আমিন লাঠি দিয়ে তাঁর মাথায় আঘাত করেন বলে অভিযোগ রয়েছে।

আঘাতে গুরুতর আহত হয়ে পিয়ারা বেগম ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়েন। পরে পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল আলীম বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। নিহতের স্বজনরা ঢাকা থেকে বরগুনার উদ্দেশে রওনা হয়েছেন।

ওসি আরও জানান, এ ঘটনায় এখনো থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে অভিযুক্ত আল আমিনকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।