ইভার প্রেমে চীনা যুবক জিয়াং বরিশালে, ধর্ম পরিবর্তনের পর বিয়ে

প্রেমের টানে চীন থেকে বাংলাদেশে এসেছেন ৩৫ বছর বয়সী যুবক জিয়াং। এরপর ধর্ম পরিবর্তন করে বরিশালের বাকেরগঞ্জের তরুণী জান্নাতুল ইসলাম ইভাকে বিয়ে করেছেন তিনি। জিয়াং চীনের জিয়াংসি প্রদেশের ইছুন শহরের বাসিন্দা। ইভা উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের ফলাঘর গ্রামের জাকির হাওলাদারের মেয়ে।

ইভা জানান, ২০২৪ সালে মোবাইল ফোন কিনতে ঢাকার বসুন্ধরা এলাকায় গেলে তিন চীনা নাগরিকের সঙ্গে তাঁর পরিচয় হয়। একপর্যায়ে মার্কেটে তাদের সঙ্গে কফি খাওয়ার সময় মোবাইল ফোনের মাধ্যমে জিয়াংয়ের সঙ্গে তাঁর পরিচয় করিয়ে দেন তাঁরা। এরপর জিয়াংয়ের সঙ্গে চ্যাটিংয়ের মাধ্যমে যোগাযোগ শুরু হয়। ধীরে ধীরে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

প্রায় দেড় বছর সম্পর্কের পর গত ৩ আগস্ট বাংলাদেশে আসেন জিয়াং। ওই দিনই ইভার সঙ্গে তার প্রথম দেখা হয়। পরদিন ৪ আগস্ট আইন অনুযায়ী নোটারি পাবলিকের মাধ্যমে ধর্ম পরিবর্তনের এফিডেভিট করেন জিয়াং। পরে রেজিস্ট্রি কাবিননামার মাধ্যমে ইভাকে বিয়ে করেন তিনি।

সম্প্রতি জিয়াংকে সঙ্গে নিয়ে ঢাকার থেকে বাকেরগঞ্জে গ্রামের বাড়িতে আসেন ইভা। গত ১০ সেপ্টেম্বর তাদের গায়ে হলুদ অনুষ্ঠিত হয়। এরপর শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে পারিবারিকভাবে বৌভাতের আয়োজন করা হয়।

নিজের অনুভূতি জানিয়ে ইভা বলেন, ‘জিয়াং গ্রাম খুব পছন্দ করেন। বাবা-মায়ের দীর্ঘদিনের ইচ্ছে ছিল, আমার বিয়েতে বড় অনুষ্ঠান করার। তাই গ্রামে এসে আয়োজন করেই বিয়ের অনুষ্ঠান করা হয়েছে। জিয়াং আমাকে অনেক ভালোবাসেন। স্বামী হিসেবে তার প্রতিও আমার যথেষ্ট শ্রদ্ধা ও ভালোবাসা রয়েছে।’

ইভা বলেন, ‘ওর ভাষা আমি অল্প অল্প বুঝি। বাকিটা অ্যাপের মাধ্যমে কথা বলি। সে আমাদের পরিবারের সবার সঙ্গে খুব সুন্দর ব্যবহার করছে। আমাদের দেশীয় খাবার ও এলাকার পরিবেশও তার বেশ পছন্দ হয়েছে।’

অনুবাদ অ্যাপের মাধ্যমে জিয়াং জানান, ইউচ্যাটে চ্যাটিংয়ের মাধ্যমে গড়ে ওঠা সম্পর্কের সূত্র ধরেই তিনি বাংলাদেশে এসেছেন এবং ইভাকে বিয়ে করেছেন। তিনি স্ত্রীকে নিয়ে চীনে ফিরে যাবেন।

ইভার বাবা জাকির হাওলাদার বলেন, ‘জামাই হিসেবে জিয়াংকে আমরা মেনে নিয়েছি। এক মাসেরও বেশি সময় হয়েছে জিয়াং বাংলাদেশে এসেছে। আমার মেয়ের পাসপোর্ট তৈরির কাজ সম্পন্ন হয়েছে। কিছুদিন পরেই সে ইভাকে নিয়ে চীনে ফিরে যাবে।’

এদিকে বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন বলেন, চীনা নাগরিক জিয়াং সম্পর্কে তারা অবগত নন। তিনি বৈধ পাসপোর্ট ব্যবহার করে বাংলাদেশে এসেছেন কি না এবং এ অঞ্চলের এক নারীকে বিয়ে করেছেন কি না, বিষয়টি তদন্ত করে দেখা হবে।