বরিশালে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক

আপডেট : ১২ অক্টোবর ২০২৬, ০৪:৪০ পিএম

বরিশালের বাবুগঞ্জে ঐশী আক্তার (২৫) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগে স্বামী সোহেল খানকে (২৮) আটক করেছে পুলিশ। দাম্পত্য কলহের জেরে লোহার রড দিয়ে মারধরের অভিযোগ উঠেছে সোহেলের বিরুদ্ধে। সোমবার (১২ অক্টোবর) সকালে বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় ঐশীর মৃত্যু হয়। 

নিহত ঐশী আক্তার উপজেলার দেহেরগতি ইউনিয়নের বাহেরচর সাধুকাঠী গ্রামের শাহে আলমের মেয়ে। অভিযুক্ত সোহেল খান উপজেলার কেদারপুর ইউনিয়নের ভূতেরদিয়া গ্রামের কাদের খানের ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রি। তাদের তিন মাস বয়সী একটি সন্তান রয়েছে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, চার দিন আগে দাম্পত্য কলহের জেরে ঐশীর মাথায় লোহার রড দিয়ে আঘাত করেন সোহেল। এতে গুরুতর আহত হন। তবে সেসময় তাকে হাসপাতালে ভর্তি করা হয়নি। পরে শারীরিক অবস্থার অবনতি হলে সোমবার সকালে তাকে বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান হাওলাদার জানান, খবর পেয়ে পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সোহেল খানকে আটক করেছে। নিহতের চোখসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে দাম্পত্য কলহের জেরে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

জেএম
আরও পড়ুন