দাবি আদায়ে থালা-বাসন হাতে বরিশালে শ্রমিকদের মিছিল

ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের কারখানা খুলে দেওয়া, বকেয়া বেতন পরিশোধ এবং শ্রমিকদের দেওয়া বহিষ্কারসংক্রান্ত নোটিশ প্রত্যাহারের দাবিতে বরিশালে ভুখা মিছিল ও সমাবেশ করেছেন ভুক্তভোগী শ্রমিকরা।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে নগরীর ইন্দো-বাংলা কারখানার সামনে থেকে মিছিলটি বের হয়। 

শ্রমিকরা হাতে থালা-বাসন নিয়ে নগরীর নথুল্লাবাদ বাসস্ট্যান্ড এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস শ্রমিক সংগ্রাম পরিষদ এ কর্মসূচির আয়োজন করে। মিছিল শেষে নথুল্লাবাদ এলাকায় শ্রমিক সংগ্রাম পরিষদের সহ-সভাপতি জসিম উদ্দিনের সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য দেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) বরিশাল জেলা শাখার সমন্বয়ক ও ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস শ্রমিক সংগ্রাম পরিষদের উপদেষ্টা ডা. মনীষা চক্রবর্তী, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি দুলাল মল্লিক, ক্রীড়া সম্পাদক গাজী মো. বেল্লাল হোসেন, দপ্তর সম্পাদক শহিদুল হাওলাদার, বরিশাল রিকশা-ভ্যান চালক ও শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক শহিদুল শেখ, রিকশা, ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইক সংগ্রাম পরিষদের জেলা শাখার সংগঠক আইয়ুব আলী তালুকদার, রেফকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড শ্রমিক ইউনিয়নের সভাপতি আবদুল মজিদ হাওলাদার, মেডিমেট ফার্মাসিউটিক্যালস লিমিটেডের বরিশাল শ্রমিক ইউনিয়নের সভাপতি সোনিয়া আক্তার, গ্লোবাল ক্যাপসুল লিমিটেড শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম শাহাদাত, পদ্মা ব্লোয়িং লিমিটেড শ্রমিক ইউনিয়নের সভাপতি জসিম উদ্দিন গাজী এবং ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস শ্রমিক সংগ্রাম পরিষদের কোষাধ্যক্ষ আসলাম হোসেন সজীব।

সমাবেশে বক্তারা বলেন , শ্রম আইন অনুযায়ী বিভিন্ন দাবি জানানোয় শ্রমিকদের ছাঁটাইয়ের ভয় দেখাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গত ১২ সেপ্টেম্বর থেকে কারখানা বন্ধ করে দেওয়া হয়েছে। পরে সব শ্রমিককে একসঙ্গে এবং সাতজন শ্রমিককে পৃথকভাবে স্থায়ী বহিষ্কারের কথা উল্লেখ করে নোটিশ দেওয়া হয়েছে।

বক্তারা আরও বলেন, ২৫ সেপ্টেম্বর পার হলেও শ্রমিকরা এখনো আগস্ট মাসের বেতন পাননি। নিয়মতান্ত্রিকভাবে দাবি জানানো সত্ত্বেও বকেয়া বেতন পরিশোধ না করে কারখানা বন্ধ রাখা হয়েছে। একই সঙ্গে একের পর এক শ্রমিককে ছাঁটাইয়ের মাধ্যমে ভীতি সৃষ্টির চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেন তারা।

সমাবেশ থেকে অবিলম্বে শ্রমিকদের দেওয়া নোটিশ প্রত্যাহার, ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালসের কারখানা খুলে দেওয়া এবং বকেয়া বেতন পরিশোধের দাবি জানানো হয়। পরে শ্রমিকদের ভুখা মিছিলটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।