জলমহালের দখল নিয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত ২৫

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৯ পিএম

কিশোরগঞ্জের অষ্টগ্রামে বিলমাকশা জলমহালের ভোগদখলকে কেন্দ্র করে উপজেলা বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। 

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুর থেকে বিকেল পর্যন্ত থেমে থেমে চলা এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন।

দুপুর ১২টার দিকে উপজেলার পূর্ব অষ্টগ্রামের আখড়াবাজার এলাকায় দুই পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পরে বিকেল ৩টা পর্যন্ত কয়েক দফায় সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়া চলে।

স্থানীয় ও দলীয় সূত্রে জানা গেছে, বিলমাকশা জলমহালের ভোগদখল নিয়ে বেশ কিছুদিন ধরে উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ সাঈদ আহমদ ও সাংগঠনিক সম্পাদক এস এম শাহিনের অনুসারীদের মধ্যে বিরোধ চলছিল। এরই জেরে শুক্রবার দুপুরে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

আহতদের অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) আমিনুল ইসলাম জানান, দুপুর ২টা পর্যন্ত ২২ জন সেখানে চিকিৎসা নিয়েছেন। তাঁদের মধ্যে পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত একজনকে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এম শাহিনের দাবি, গত বছর তিনি বিলমাকশা জলমহালটি ইজারা নিয়েছিলেন। এবারও তিনি সর্বোচ্চ দরদাতা হয়েছেন। তবে উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ সাঈদ আহমদ বিভিন্নভাবে ইজারা প্রক্রিয়ায় বাধা দিচ্ছেন বলে অভিযোগ করেন তিনি। শাহিনের অভিযোগ, আইনি প্রক্রিয়ায় ব্যর্থ হয়ে জলমহালটি দখলের জন্য সাধারণ মানুষকে উসকে দেওয়া হচ্ছে। শুক্রবার তার অনুসারীদের ওপর হামলা চালানো হয়েছে বলেও দাবি করেন তিনি।

তবে শাহিনের এসব অভিযোগ অস্বীকার করেছেন উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ সাঈদ আহমদ। তার দাবি, শাহিনের সমর্থকরাই প্রথমে তার লোকজনের ওপর হামলা চালিয়েছে।

অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রোকনুজ্জামান বলেন, বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এমসিএইচ
আরও পড়ুন