বাজারের খুঁটির সঙ্গে বাঁধা বাবা। চারপাশে কৌতূহলী মানুষের ভিড়। সেই ভিড় ঠেলে বাবার কাছে ছুটে এলো ছোট্ট মেয়েটি। বাবাকে সারারাত না খেয়ে থাকতে হয়েছে এ কথা জানতে পেরে বাজারের দোকান থেকে রুটি আর চা কিনে আনল সে। এরপর নিজের ছোট্ট হাতে বাবার মুখে তুলে দিল খাবার।
বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল বাজারে ঘটে হৃদয়স্পর্শী এই ঘটনা।
চুরির চেষ্টা করার অভিযোগে শুক্রবার রাতে অনিক সরদার নামে এক যুবককে আটক করেন স্থানীয় কয়েকজন বাসিন্দা। পরে তাকে বাজারের একটি খুঁটির সঙ্গে বেঁধে রাখা হয়।
সকালে বাবাকে দেখতে সেখানে ছুটে আসে তার ছোট্ট মেয়ে। বাবাকে এভাবে বাঁধা অবস্থায় দেখে কিছুক্ষণও দাঁড়িয়ে থাকেনি সে। কাছের একটি দোকান থেকে রুটি ও চা কিনে এনে নিজের হাতে বাবাকে খাওয়াতে শুরু করে।
বাবার মুখে খাবার তুলে দেওয়ার সেই দৃশ্য মোবাইল ফোনে ধারণ করেন স্থানীয় এক যুবক। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তেই তা মানুষের নজরে আসে। ভিডিওতে মেয়েটির বাবার প্রতি মমতা ও অসহায় অবস্থায় পাশে দাঁড়ানোর দৃশ্য দেখে আবেগাপ্লুত হন অনেকে।
স্থানীয় বাসিন্দারা জানান, বাবাকে খুঁটির সঙ্গে বাঁধা দেখে মেয়েটি দৌড়ে তার কাছে আসে। পরে খাবার কিনে এনে নিজ হাতে বাবাকে খাওয়ায়। ঘটনাটি উপস্থিত মানুষের মধ্যেও আবেগের সৃষ্টি করে।
তবে স্থানীয়রা জানায়, চুরির অভিযোগের সত্যতা নির্ধারণের বিষয়টি আইনগত প্রক্রিয়াতেই হওয়া উচিত। কাউকে এভাবে আটকে রাখা বা খুঁটির সঙ্গে বেঁধে রাখার পরিবর্তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে হস্তান্তর করাই যথাযথ ব্যবস্থা।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই বাজার কমিটি ও স্থানীয় বাসিন্দারা অনিক সরদারের কাছ থেকে মুচলেকা নিয়ে তাকে পরিবারের জিম্মায় ছেড়ে দেন।
উজিরপুর থানার পুলিশ পরিদর্শক ফারুক জানান, চুরির অভিযোগে এক যুবককে স্থানীয়রা আটকে রেখেছেন এমন খবর পেয়ে সেখানে পুলিশের একটি টহল দল পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছিল। তবে পুলিশ পৌঁছানোর আগেই স্থানীয়রা মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দিয়েছেন বলে পুলিশ জানতে পারে।