টেকনাফে ৯০ হাজার পিস ইয়াবাসহ ৩ কারবারি গ্রেপ্তার

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৯ পিএম

কক্সবাজারের টেকনাফে ৯০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৫ (এসআরবি-১৫)। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে টেকনাফ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের মাতবর মসজিদ রোড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- টেকনাফ পৌরসভার মৃত কবির আহমদের ছেলে নুরুল হুদা (৪০), মো. ছিদ্দিক (৩২) ও মো. ইয়াছিন (২৫)।

এসআরবি-১৫-এর সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক জানান, শুক্রবার সকাল ৬টা ১০ মিনিটের দিকে সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের একটি আভিযানিক দল টহল দেওয়ার সময় গোপন তথ্য ও তথ্যপ্রযুক্তির মাধ্যমে জানতে পারে, নুরুল হুদার বসতঘরে কয়েকজন মাদক কারবারি ইয়াবা বিক্রির উদ্দেশ্যে মজুত করে অবস্থান করছেন।

পরে সকাল ৬টা ৪০ মিনিটের দিকে এসআরবি-১৫-এর একটি দল ওই বাড়িতে অভিযান চালায়। এ সময় অভিযানের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করলে তিনজনকে আটক করা হয়।

এসআরবি জানায়, আটকের পর জিজ্ঞাসাবাদে তাদের হেফাজতে ইয়াবা থাকার তথ্য পাওয়া যায়। তাদের দেওয়া তথ্য অনুযায়ী বসতঘরের পশ্চিম পাশের একটি কক্ষের সানসেডের ওপর থেকে সাদা প্লাস্টিকের একটি বস্তা উদ্ধার করা হয়। বস্তাটির ভেতরে থাকা নয়টি প্যাকেট থেকে মোট ৯০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ছাড়া মাদক বিক্রিতে ব্যবহারের অভিযোগে মো. ছিদ্দিকের কাছ থেকে একটি কালো রঙের সিম্ফনি বাটন মোবাইল ফোন এবং মো. ইয়াছিনের কাছ থেকে একটি ভিভো ওয়াই৩৩এস অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

এসআরবি-১৫-এর সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক জানান, গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তাদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

এমইউ
আরও পড়ুন
সর্বশেষপঠিত