বিএনপির দুপক্ষের সংঘর্ষের ঘটনায় সভাপতিকে শোকজ

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৭ পিএম

কিশোরগঞ্জের অষ্টগ্রামে জলমহালের নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষের ঘটনায় উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ সাঈদ আহমেদকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে জেলা বিএনপি।

শনিবার (২৬ সেপ্টেম্বর) জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম স্বাক্ষরিত নোটিশে এ নির্দেশ দেওয়া হয়।

নোটিশে বলা হয়, গত শুক্রবার পূর্ব অষ্টগ্রাম ইউনিয়নের আখড়াবাজারে বিলমাকশা জলমহালকে কেন্দ্র করে সৈয়দ সাঈদ আহমেদের নেতৃত্বে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কয়েকজন নেতাকর্মী অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। বিভিন্ন গণমাধ্যমে এ ঘটনার সংবাদ প্রকাশের ফলে দলের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও উল্লেখ করা হয়।

এ ঘটনায় কেন তার বিরুদ্ধে স্থায়ী সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে আগামী সাত দিনের মধ্যে জেলা বিএনপির সভাপতি শরীফুল আলম ও সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলামের কাছে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

এর আগে, শুক্রবার দুপুরে আখড়াবাজার এলাকায় বিলমাকশা জলমহালের ভোগদখলকে কেন্দ্র করে উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ সাঈদ আহমেদ ও সাংগঠনিক সম্পাদক এস এম শাহিনের অনুসারীদের মধ্যে সংঘর্ষ হয়। স্থানীয় সূত্রের দাবি, এতে অন্তত ২৫ জন আহত হন।

অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, শুক্রবার দুপুর ২টা পর্যন্ত ২২ জন চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে পাঁচজন হাসপাতালে ভর্তি হন এবং একজনকে উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জে পাঠানো হয়।

সংঘর্ষের জন্য দুপক্ষই একে অপরকে দায়ী করেছে। সাংগঠনিক সম্পাদক এস এম শাহিন অভিযোগ করেন, জলমহালের ইজারা নিয়ে বিরোধের জেরে তার সমর্থকদের ওপর হামলা হয়েছে।

তবে উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ সাঈদ আহমেদ এ অভিযোগ অস্বীকার করে বলেন, হামলা করেছে শাহিনের সমর্থকেরাই।

এমসিএইচ
আরও পড়ুন
সর্বশেষপঠিত