মহান মুক্তিযুদ্ধের সংগঠক ও বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন খান (মজনু) মারা গেছেন। বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ঢাকার গ্রিন লাইফ হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
আনোয়ার হোসেন খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ইকবাল হলের (বর্তমান সার্জেন্ট জহুরুল হক হল) সাবেক ভিপি ছিলেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ ছাত্রনেতা হিসেবে পরিচিত আনোয়ার হোসেন খান মহান মুক্তিযুদ্ধে দক্ষিণাঞ্চলের অন্যতম সংগঠক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
কর্মজীবনে তিনি বাংলা একাডেমির পরিচালক এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জেনারেল ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বাংলা একাডেমির সাবেক সভাপতি ও বাংলাদেশ শিশু একাডেমির সাবেক চেয়ারম্যান, বিশিষ্ট কথাসাহিত্যিক ও ঔপন্যাসিক সেলিনা হোসেনের স্বামী। মৃত্যুর আগে তিনি ফারিয়া লারা ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
বরগুনার বামনা উপজেলার হলতা-ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতাও ছিলেন তিনি। স্থানীয় পর্যায়ে শিক্ষার প্রসারে তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে।
তাঁর মৃত্যুতে মুক্তিযুদ্ধের সহযোদ্ধা, স্বজন, শিক্ষানুরাগী ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।