কক্সবাজারের টেকনাফে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝটিকা মিছিলকে কেন্দ্র করে বিজিবি সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে বিজিবির এক সদস্য আহত হয়েছেন। ভাঙচুর করা হয়েছে টহল দলের পিকআপের তিনটি গ্লাস। এ ঘটনায় বিজিবি ও পুলিশের যৌথ অভিযানে তিনজনকে আটক করা হয়েছে। মঙ্গলবার রাত ১১টার দিকে টেকনাফ উপজেলার ওলিয়াবাদ মাদ্রাসা সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যায় বিজিবির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
আটককৃত ব্যক্তিরা হলেন- টেকনাফ সদর ইউনিয়নের নতুন পল্লানপাড়ার ফজল আহম্মদের ছেলে খোরশেদ আলম (২৫), জাফর আলমের ছেলে আকিব (২২) এবং মার্কিন মিয়ার ছেলে আব্দুল গফুর (১৯)।
বিজিবি জানায়, যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝটিকা মিছিলের খবর পেয়ে তাদের একটি বিশেষ টহল দল ঘটনাস্থলে যায়। এ সময় একদল ব্যক্তি অতর্কিতভাবে বিজিবি সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে পালিয়ে যায়। এতে এক বিজিবি সদস্য আহত হন। হামলায় টহল দলের ব্যবহৃত পিকআপের পেছনের দরজাসহ তিনটি গ্লাস ক্ষতিগ্রস্ত হয়।
ঘটনার পরপরই বিজিবি ও পুলিশের সমন্বয়ে যৌথ অভিযান শুরু হয়। রাত ১১টা ৫৫ মিনিটের দিকে হামলায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করা হয়। ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও আটকের জন্য বিজিবি, পুলিশ ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) সমন্বয়ে অভিযান চলছে।
টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, দায়িত্ব পালনকালে বিজিবি সদস্যদের ওপর এ ধরনের হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের অপতৎপরতা প্রতিরোধে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বিজিবির সমন্বিত কার্যক্রম অব্যাহত থাকবে।
বিজিবি আরও জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড, সরকারি গাড়ি ভাঙচুর ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে টেকনাফ মডেল থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
শেরপুরে শিশু অপহরণ মামলায় চার আসামির ১৪ বছরের কারাদণ্ড
নেদারল্যান্ডসে কুকুর নির্বাচন কার্যক্রমে অংশ নিচ্ছেন চার কর্মকর্তা