মামলা আপস করায় বাদীর কারাদণ্ড

পটুয়াখালীতে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১০ ধারায় করা একটি মামলায় আপসের আবেদন করায় বাদীকে দুই দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে মামলার আসামিকেও কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নীলুফার শিরিন এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত বাদী মোহাম্মদ আলী হাওলাদার (৩২)। তিনি গলাচিপা উপজেলার পশ্চিম পক্ষিয়া এলাকার বাসিন্দা। মামলার আসামি মো. আজিজুল হাওলাদারও (২৪) একই এলাকার বাসিন্দা।

মামলার বিবরণে জানা যায়, মোহাম্মদ আলী হাওলাদার তার ১৪ বছর বয়সী ভাতিজিকে যৌন নির্যাতনের অভিযোগে আজিজুল হাওলাদারের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১০ ধারায় মামলা করেন। পরে স্থানীয়ভাবে দুই পক্ষের মধ্যে আপস-মীমাংসা হয়। এরপর বাদী ও আসামি আদালতে উপস্থিত হয়ে আপসের ভিত্তিতে মামলা প্রত্যাহারের আবেদন করেন। তবে আপস অযোগ্য ধারার মামলায় আপসের আবেদন করায় আদালত বাদীর বিরুদ্ধে ব্যবস্থা নেন।

তাকে দুই দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে আসামিকেও কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। এ বিষয়ে পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাড. আব্দুল্লাহ আল নোমান বলেন, ভুক্তভোগীকে আদালতে উপস্থিত না করে আপস অযোগ্য ধারায় আপসের আবেদন করায় বিজ্ঞ ট্রাইব্যুনাল বাদীকে দুই দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। একই সঙ্গে আসামিকেও হাজতে পাঠিয়েছেন।