গ্রামীণ ব্যাংকে হামলা বন্ধে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ড. ইউনূসের

আপডেট : ২৩ নভেম্বর ২০২৬, ০৮:০১ পিএম

দেশের বিভিন্ন স্থানে গ্রামীণ ব্যাংকের শাখায় ধারাবাহিক অগ্নিসংযোগ ও হামলার ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ও অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। প্রতিষ্ঠানটির নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে সোচ্চার হওয়ার পাশাপাশি হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছেন তিনি।

সোমবার (২৩ নভেম্বর) প্রকাশিত এক বিবৃতিতে ড. ইউনূস বলেন, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন এলাকায় পরিকল্পিতভাবে অগ্নিসংযোগ ও সহিংসতার ঘটনা ঘটছে। এর মধ্যে গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখায় পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনাও রয়েছে। এসব হামলার পেছনে কারা জড়িত, তা তদন্ত করে অপরাধীদের বিচারের মুখোমুখি করা জরুরি।

বিবৃতিতে তিনি উল্লেখ করেন, নভেম্বর মাসের শুরু থেকে দেশের বিভিন্ন এলাকায় প্রায় প্রতিদিনই গ্রামীণ ব্যাংকের শাখায় হামলার ঘটনা ঘটছে। তার দাবি, শুধু চলতি মাসেই প্রায় ১০০টি শাখা একই ধরনের হামলার শিকার হয়েছে। হামলার সময় ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার কথাও উল্লেখ করেন তিনি। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে এসব ঘটনার সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্দেহভাজন কর্মীদের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে বলেও জানান তিনি।

গ্রামীণ ব্যাংকের গুরুত্ব তুলে ধরে ড. ইউনূস বলেন, এটি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর নিজস্ব প্রতিষ্ঠান নয়; বরং দরিদ্র মানুষের, বিশেষ করে নারীদের মালিকানাধীন একটি ব্যাংক। বর্তমানে প্রতিষ্ঠানটির ঋণগ্রহীতার সংখ্যা প্রায় ১ কোটি ১০ লাখ। তাদের মধ্যে ৯৭ শতাংশই নারী। ব্যাংকটির ঋণ আদায়ের হারও ৯৫ শতাংশের বেশি।

তিনি বলেন, ক্ষুদ্রঋণের মাধ্যমে অসংখ্য নারী নিজেদের ব্যবসা পরিচালনা, পরিবারের আর্থিক অবস্থার উন্নতি এবং সন্তানদের শিক্ষার সুযোগ তৈরি করেছেন। ফলে ব্যাংকটির ওপর হামলা কেবল একটি আর্থিক প্রতিষ্ঠানের ক্ষতি নয়, এর সঙ্গে যুক্ত লাখ লাখ পরিবারের জীবিকা ও ভবিষ্যৎও জড়িত।

গ্রামীণ ব্যাংকের আন্তর্জাতিক স্বীকৃতির বিষয়টিও বিবৃতিতে তুলে ধরেন তিনি। তার ভাষ্য, ক্ষুদ্রঋণের এই কার্যক্রম বিশ্বের বিভিন্ন দেশে অনুসরণ করা হয়েছে। ২০০৬ সালে গ্রামীণ ব্যাংক ও ড. মুহাম্মদ ইউনূস যৌথভাবে নোবেল শান্তি পুরস্কার অর্জন করেন। চলতি বছর প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠার ৫০ বছর এবং নোবেল পুরস্কারপ্রাপ্তির ২০ বছর পূর্তি উদ্‌যাপিত হচ্ছে।

ব্যাংকটির মালিকানা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগও করেছেন ড. ইউনূস। তিনি জানান, গ্রামীণ ব্যাংকের ৯০ শতাংশ শেয়ারের মালিক এর ঋণগ্রহীতারা এবং বাকি ১০ শতাংশ সরকারের হাতে রয়েছে। ২০১১ সালে তৎকালীন আওয়ামী লীগ সরকার তাকে ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে সরিয়ে দেয়। এরপর থেকে ব্যাংকটির পরিচালনা বা ব্যবস্থাপনার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই বলেও স্পষ্ট করেন তিনি।

বিবৃতিতে নিজের বাড়িতে হামলার প্রসঙ্গও তুলে ধরেন ড. ইউনূস। তিনি জানান, চট্টগ্রামে অবস্থিত তার বাড়িতেও হামলা হয়েছে। ওই বাড়ির সঙ্গে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠার ইতিহাস জড়িয়ে রয়েছে এবং সেখানে তার দুই ছোট ভাই পরিবারসহ বসবাস করেন।

এ ছাড়া জুলাই গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়ি, বিএনপির তিন সংসদ সদস্যের বাড়ি এবং দেশের তিনটি থানায় অগ্নিসংযোগের ঘটনাও একই ধরনের সহিংসতার ধারাবাহিকতা বলে উল্লেখ করেন তিনি।

গ্রামীণ ব্যাংক কর্তৃপক্ষ ইতোমধ্যে তাদের ঋণগ্রহীতা, কর্মকর্তা-কর্মচারী এবং গুরুত্বপূর্ণ নথিপত্রের নিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে বাড়তি নিরাপত্তা চেয়েছে বলে জানান ড. ইউনূস। তার মতে, নিরাপত্তার অভাবে ব্যাংকটির স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন দরিদ্র নারী ঋণগ্রহীতারা।

বিবৃতির শেষাংশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে দেশের বাইরেও গ্রামীণ ব্যাংকের সমর্থক ও শুভাকাঙ্ক্ষীদের এসব হামলার বিরুদ্ধে অবস্থান নেওয়ার অনুরোধ করেন।

ড. ইউনূসের মতে, গ্রামীণ ব্যাংককে রক্ষা করা মানে শুধু একটি প্রতিষ্ঠানকে সুরক্ষা দেওয়া নয়; বরং দারিদ্র্য বিমোচন, নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন এবং কোটি মানুষের সম্মানজনক জীবনযাপনের সুযোগ অক্ষুণ্ন রাখা।

বিএইচবি
আরও পড়ুন