ফেনীতে ঘুষের টাকাসহ পিআইও ও কার্যসহকারী আটক

ফেনীর সোনাগাজী উপজেলায় ব্রিজের বিল ছাড়িয়ে দেওয়ার নামে ১ লাখ টাকা ঘুষ নেওয়ার সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোহাম্মদ আল সাঈদ ও কার্যসহকারী আবু নাসেরকে হাতেনাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে সোনাগাজী উপজেলা পিআইও কার্যালয়ে দুদকের একটি বিশেষ দল এই ‘ফাঁদ অভিযান’ পরিচালনা করে।

দুদক ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, সোনাগাজীতে পাঁচটি সেতু প্রকল্পের কাজ শেষ করে বিল দাখিল করেছিলেন উপঠিকাদার হুমায়ুন কবির রানা। কিন্তু বিলের অর্থ ছাড়ের বিনিময়ে পিআইও আল সাঈদ ও তার সহকারী আবু নাসের ওই ঠিকাদারের কাছে ১২ লাখ টাকা ঘুষ দাবি করেন। ঘুষ দিতে অস্বীকৃতি জানালে বিলের ফাইল আটকে রাখা হয়। ভুক্তভোগী ঠিকাদার জানান, এর আগে বিভিন্ন সময়ে পিআইও তার কাছ থেকে সাড়ে ৫ লাখ টাকা ঘুষ নিয়েছেন।

নিরুপায় হয়ে ঠিকাদার হুমায়ুন কবির গত ২৩ ফেব্রুয়ারি দুদকের নোয়াখালী সমন্বিত কার্যালয়ে একটি লিখিত অভিযোগ দেন। অভিযোগের প্রেক্ষিতে দুদক ফাঁদ পেতে ১ লাখ টাকা ঘুষ দেওয়ার সময় তাদের ধরার পরিকল্পনা করে। বৃহস্পতিবার দুপুরে ঠিকাদার ঘুষের ১ লাখ টাকা নিয়ে পিআইও কার্যালয়ে গেলে দুদক কর্মকর্তারা ছদ্মবেশে সেখানে অবস্থান নেন। ঘুষের টাকা গ্রহণ করার মুহূর্তেই তাদের হাতেনাতে আটক করা হয় এবং রাসায়নিক পরীক্ষার মাধ্যমে টাকাগুলো জব্দ করা হয়।

দুদকের নোয়াখালী সমন্বিত কার্যালয়ের উপপরিচালক মো. ফারুক আহমেদ জানান, আটক দুজনের বিরুদ্ধে দুদকের উপসহকারী পরিচালক চিন্ময় চক্রবর্তী বাদী হয়ে সোনাগাজী থানায় মামলা দায়ের করেছেন। গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।

সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিগান চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তিনি ছুটিতে থাকাকালীন বিষয়টি সম্পর্কে অবগত হয়েছেন এবং সরকারি বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।