ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে এক কলেজছাত্রীকে ইভটিজিংয়ের ঘটনায় আলোচিত যুবক ইমনকে ইয়াবাসহ আটক করে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৫ জুন) দুপুরে উপজেলা প্রশাসনের পরিচালিত অভিযানে তাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন আশুগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজি রবিউস সারোয়ার।
তিনি জানান, মাদকবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে আশুগঞ্জ বাজারের একটি দোকানে অভিযান চালানো হয়। এ সময় ইমনকে আটক করে তল্লাশি চালালে তার কাছ থেকে চারটি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
উল্লেখ্য, এর আগে রোববার (১৪ জুন) দুপুরে আশুগঞ্জ উপজেলা পরিষদের সামনের সড়কে এক কলেজছাত্রীকে ইভটিজিংয়ের অভিযোগ ওঠে ইমনের বিরুদ্ধে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।