দেশের অর্থনৈতিক চালিকা শক্তির অন্যতম জেলা গাজীপুর: জেলা প্রশাসক

আপডেট : ১৫ জুন ২০২৬, ০৪:৩১ পিএম
দেশের শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গাজীপুর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে মন্তব্য করেছেন গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. নূরুল করিম ভূঁইয়া। তিনি বলেন, গাজীপুরে বর্তমানে ৩ লাখ ৯৪ হাজার অর্থনৈতিক ইউনিট এবং ২৫ লাখ ৩০ হাজার কর্মরত জনবল রয়েছে, যা জেলার অর্থনৈতিক সক্ষমতার একটি শক্তিশালী ভিত্তি।
 
সোমবার (১৫ জুন) গাজীপুরে অনুষ্ঠিত ‘অর্থনৈতিক শুমারি ২০২৪ : ন্যাশনাল রিপোর্ট বিষয়ক সেমিনার’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
 
জেলা প্রশাসক বলেন, ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠান ও পাড়া-মহল্লার ছোট দোকানগুলোকে অর্থনৈতিক শুমারির আওতায় আনা প্রয়োজন। একই সঙ্গে এসব প্রতিষ্ঠানের কাছে শুমারির গুরুত্ব তুলে ধরতে হবে, যাতে তারা স্বতঃস্ফূর্তভাবে তথ্য প্রদান করতে আগ্রহী হয়।
 
তিনি আরও বলেন, সাধারণ মানুষের সুবিধার্থে শুমারি ও বিভিন্ন জরিপে জটিল পরিভাষার পরিবর্তে সহজ ও বোধগম্য শব্দ ব্যবহার করা উচিত। শিল্প কারখানার ব্যাপক উপস্থিতি এবং শক্তিশালী ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতের কারণে গাজীপুর আজ বাংলাদেশের শিল্প অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তিতে পরিণত হয়েছে।
গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাহরিয়ার নজিরের সভাপতিত্বে আয়োজিত সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. মো. মামুনুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার আমিনুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা খাতুন, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) তানিয়া তাবাসসুম এবং গাজীপুর জেলা পরিসংখ্যান অফিসের উপ-পরিচালক মাহনুমা খানম।
এছাড়াও জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা সেমিনারে অংশগ্রহণ করেন। বক্তারা আশা প্রকাশ করেন, অর্থনৈতিক শুমারি ২০২৪-এর তথ্য-উপাত্ত ভবিষ্যতে গাজীপুরসহ দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিকল্পনা, শিল্পায়ন ও কর্মসংস্থান নীতিনির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
MCH
আরও পড়ুন