নোয়াখালীর হাতিয়া উপজেলা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের অগ্নিকাণ্ডে পাঁচটি দোকান ও একটি বসতঘর পুড়ে গেছে। এতে অন্তত ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
সোমবার (১০ আগস্ট) দিবাগত রাত ৯টার দিকে উপজেলার বুড়িরচর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সাগরিকা বাজারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাতে ফায়ার সার্ভিস জানায়, সোমবার রাতে উপজেলার সাগরিকা বাজারের রাকিবের বিরিয়ানি হাউজ হোটেলের সিলিন্ডারে আগুন ধরে যায়। তখন ভয়ে হোটেলের লোকজন বের হয়ে যায়। পরে আগুন ধরে যাওয়া সিলিন্ডারটি বিস্ফোরণ হয়।
একইসঙ্গে হোটেলে থাকা আরও দুটি সিলিন্ডার বিস্ফোরণ হয়ে মুহূর্তেই আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এতে একটি হোটেল, একটি লাইব্রেরী দোকান, একটি কাপড় দোকান, একটি জুতা দোকান, একটি কসমেটিক দোকান ও একটি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়।
হাতিয়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা জসিম উদ্দিন চৌধুরী জানান, ফায়ার সার্ভিসের একটি ইউনিটের প্রায় দেড় ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এতে অন্তত ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।