সাতক্ষীরা জামায়াতে ইসলামীর দুই সংসদ সদস্য মুহা. ইজ্জতউল্লাহ ও মুহাদ্দিস আব্দুল খালেকের সঙ্গে জেলা পরিষদের চেয়ারম্যান হাবিবুল ইসলাম হাবিবের সৌহার্দ্যপূর্ণ সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১ আগস্ট) সকালে জেলা পরিষদ কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মুহা. ইজ্জতউল্লাহ ও মুহাদ্দিস আব্দুল খালেক দুজনই ত্রয়োদশ জাতীয় সংসদের পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য। সভায় পানি সম্পদ মন্ত্রণালয়ের সঙ্গে জেলা পরিষদের বিভিন্ন কার্যক্রমে সমন্বয় বাড়ানো এবং উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে গতি আনার বিষয়ে আলোচনা হয়।
এ সময় জেলা পরিষদের চেয়ারম্যান হাবিবুল ইসলাম হাবিব জেলার উন্নয়ন ও জনস্বার্থে জেলা পরিষদের চলমান বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন। জেলা পরিষদকে আরও কার্যকর ও জনবান্ধব প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে তিনি সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।
দুই সংসদ সদস্য জেলা পরিষদের উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে প্রয়োজনীয় সহযোগিতা ও সমন্বয়ের আশ্বাস দেন। পাশাপাশি জেলার পানি ব্যবস্থাপনা, অবকাঠামো উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম দ্রুত বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।
সভায় জেলা প্রশাসনের পক্ষ থেকেও জেলা পরিষদের উন্নয়ন কার্যক্রমে প্রয়োজনীয় সহযোগিতা ও সমন্বয়ের আশ্বাস দেওয়া হয়। এ সময় তালা-কলারোয়া আসনের সংসদ সদস্য মুহা. ইজ্জতউল্লাহ, সাতক্ষীরা জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা এস এম মাহফুজুর রহমানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।