আবাসিক হোটেল থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার

কক্সবাজার বাস টার্মিনাল এলাকার একটি আবাসিক হোটেল থেকে আতাউল কবির নামে এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) সন্ধ্যায় ‘ঢাকা হোটেল’ নামে একটি আবাসিক হোটেলের ৪০১ নাম্বার কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত আতাউল কবিরের গ্রামের বাড়ি পিরোজপুর নেছারাবাদ এলাকায়। তিনি টেকনাফের হোয়াইক্যং হাইওয়ে পুলিশ ফাঁড়িতে কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী। তিনি জানান, ওই পুলিশ সদস্য বৃহস্পতিবার সকাল ১১টায় ঢাকা হোটেলে উঠেন। শুক্রবার তার কোনো সাড়া শব্দ না পেয়ে পুলিশে খবর দেন হোটেল কর্মীরা। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ওসি জানান, পুলিশ সদস্যের মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্ত চলছে এবং এ বিষয়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।