৫০ হাজার চারা রোপণ, পরিদর্শনে প্রতিমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়নের হাজারীখিল বন্যপ্রাণী অভয়ারণ্যে ৫০ হাজার চারা রোপণ কার্যক্রম পরিদর্শন করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।

শনিবার (১৫ আগস্ট) বিকেলে হাজারীখিল বনবিট পরিদর্শন করেন তিনি।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রীর ভিশন অনুযায়ী ২৫ কোটি গাছ রোপণ কর্মসূচি বাস্তবায়ন, তদারকি ও সরেজমিনে দেখার জন্যই এখানে আসা। গত ছয় মাসে চট্টগ্রামে প্রায় ৩০ লাখ এবং কক্সবাজারে প্রায় ৪০ লাখ গাছের চারা রোপণ করা হয়েছে। বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা ও বনাঞ্চল সম্প্রসারণে সরকার কাজ করছে।

হাজারীখিল বনবিট পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন ফটিকছড়ির সংসদ সদস্য আলহাজ সরোয়ার আলমগীর, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদ ইব্রাহীম, উপজেলা বিএনপির সদস্যসচিব জহির আজম চৌধুরী, পৌর বিএনপির সভাপতি মোবারক হোসেন কাঞ্চন, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মো. শাহীন, বিএনপি নেতা হাফেজ জয়নালসহ স্থানীয় নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।

চট্টগ্রাম অঞ্চলের রেঞ্জ কর্মকর্তা আতিকুর রহমান বলেন, আমরা ইতোমধ্যে ৫০ হাজার চারা রোপণ সম্পন্ন করেছি। এটি দেশের জন্য একটি সুখবর। বিষয়টি জানতে পেরে প্রতিমন্ত্রী পরিদর্শন করেন।