ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির টাকাসহ দুই ভাই গ্রেপ্তার

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ৭০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ২ লাখ ৮৫ হাজার ৫০০ টাকাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন, মোহাম্মদ আলী (৩২) ও মোহাম্মদ আমিন (২৯)। তারা হ্নীলা ইউনিয়নের মগপাড়া এলাকার বাসিন্দা মোহাম্মদ ইউনুছের ছেলে। 

মঙ্গলবার (১৮ আগস্ট) রাত ১টা ৪৫ মিনিটের দিকে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মগপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।

এসব তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম। 

তিনি জানান, পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে মগপাড়া এলাকার মোহাম্মদ ইউনুছের বাড়িতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় বাড়িতে তল্লাশি চালিয়ে ৭০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ২ লাখ ৮৫ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।

ওসি জানান, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়।