বরগুনায় ফোরকান হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

আপডেট : ১৮ আগস্ট ২০২৬, ০২:০৯ পিএম

বরগুনায় ফোরকান হাওলাদার হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন নিহতের স্বজন ও স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে বরগুনা শহরের ব্যস্ততম সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে নিহত ফোরকান হাওলাদারের পরিবারের সদস্য, স্বজন, স্থানীয় বাসিন্দাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। 

জানা গেছে, গত ৫ আগস্ট সকালে বরগুনা সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের পোটকাখালী এলাকায় শ্বশুর ও তাঁর ভাইয়ের মধ্যকার বিরোধকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষ থামাতে গিয়ে গুরুতর আহত হন ফোরকান হাওলাদার। পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল হয়ে ঢাকায় নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, এ ঘটনায় মামলা হলেও এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেপ্তার করা হয়নি। আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়ানোর পাশাপাশি নিহতের পরিবারের সদস্যদের বিভিন্নভাবে হুমকি দিচ্ছেন বলেও অভিযোগ করেন তাঁরা। এতে আতঙ্ক ও নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটছে ফোরকানের পরিবারের সদস্যদের।

নিহত ফোরকানের বাবা শানু হাওলাদার বলেন, ‘হত্যার এতদিন পরও একজন আসামিকেও গ্রেপ্তার করা হয়নি। প্রশাসন নীরব ভূমিকা পালন করছে। থানায় যোগাযোগ করলে শুধু বলা হচ্ছে, আসামিদের ধরার চেষ্টা চলছে। কিন্তু এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।’

তিনি বলেন, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত কেউ যেন আইনের ফাঁক দিয়ে বেরিয়ে যেতে না পারে, সে জন্য দ্রুত আসামিদের গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করতে হবে। একই সঙ্গে দ্রুত বিচার সম্পন্ন করে দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান তিনি।

মানববন্ধনে বক্তারা বলেন, হত্যাকাণ্ডের পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও আসামিরা গ্রেপ্তার না হওয়া অত্যন্ত উদ্বেগজনক। এতে নিহতের পরিবার যেমন নিরাপত্তাহীনতায় ভুগছে, তেমনি সাধারণ মানুষের মধ্যেও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তৈরি হচ্ছে। তাঁরা অবিলম্বে হত্যাকাণ্ডের নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত করে জড়িতদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

মানববন্ধন শেষে ফোরকান হাওলাদার হত্যাকাণ্ডের দ্রুত বিচার, মামলার আসামিদের গ্রেপ্তার এবং নিহতের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়।

MCH
আরও পড়ুন