রাঙামাটিতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১০

রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে পাঁচ মাদক কারবারি, চার মাদকসেবী ও একটি মামলার পলাতক এজাহারনামীয় আসামিসহ মোট ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাঙামাটি পৌরসভার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। রাঙামাটি জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএমের নির্দেশনায় কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দীনের নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল অভিযানটি পরিচালনা করে।

গ্রেপ্তার পাঁচ মাদক কারবারি হলেন,তবলছড়ি ওয়াপদা কলোনির সুকুমার দাশ (৪০), রিজার্ভ বাজারের নাপ্পিঘাটার আব্দুল মান্নান (৪৫), নদীর পাড় এলাকার মো. খোকন মিয়া (৩৫), স্বর্ণটিলা এলাকার মো. সুরুজ মিয়া (৪৪) এবং পূর্ব ঝাড়ুর বাগান এলাকার মো. মতিউর রহমান (২৯)।

এ ছাড়া মাদক সেবনের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে মো. রাকিবুল হাসান (১৯), মো. আশরাফুল ইসলাম (১৯), মো. রাব্বি (১৯) ও মো. আব্দুল্লাহ আল লতিফ (১৮)কে।

অন্যদিকে, পূর্বের একটি মামলার এজাহারনামীয় পলাতক আসামি হিসেবে বাবু বড়ুয়া (৪০)কে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, কোতয়ালী থানাধীন পৌরসভার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। পরে বিধি অনুযায়ী তাদের আদালতে সোপর্দ করা হবে।