ট্রলার ডুবিতে ২ জেলের মৃত্যু, নিখোঁজ ২

কক্সবাজারের বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে মাছ ধরার ট্রলার ডুবে দুই জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই জেলে নিখোঁজ রয়েছেন।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ভোরে জেলার নাজিরারটেক উপকূল ও সোনাদিয়া চ্যানেলের পশ্চিমে এই দুর্ঘটনা ঘটে।

নিহত জেলেরা হলেন- মহেশখালী উপজেলার ফয়েজ আহমেদ ও সাইফুল ইসলাম। নিখোঁজ রয়েছেন একই উপজেলার নুরুল আলম ও মুহিব উল্লাহ।

স্থানীয় জেলেরা জানান, মহেশখালীর কুতুবজোম এলাকার বাসিন্দা ফরিদুল আলমের মালিকানাধীন মাছ ধরার ট্রলারটি নিয়ে কয়েকজন জেলে মঙ্গলবার রাতে সাগরে মাছ ধরতে যান। বৃহস্পতিবার ভোররাতের দিকে নাজিরারটেক উপকূলের কাছাকাছি সোনাদিয়া চ্যানেলের পশ্চিমে পৌঁছালে আকস্মিক ঝড়ের কবলে পড়ে ট্রলারটি উল্টে যায়।

দুর্ঘটনার পর স্থানীয় জেলেরা উদ্ধার তৎপরতা শুরু করেন। একপর্যায়ে ফয়েজ আহমেদ ও সাইফুল ইসলামের মরদেহ উদ্ধার করা হয়। তবে নুরুল আলম ও মুহিব উল্লাহর কোনো সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজ দুই জেলেকে উদ্ধারে স্থানীয় জেলেরা সাগরে তৎপরতা চালিয়ে যাচ্ছে।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সুলতান বলেন, ভোরে নাদিয়া চ্যানেলের পশ্চিমে ঝড়ের কবলে পড়ে ফিশিং ট্রলারটি। কয়েকজন জেলে নিরাপদে উঠতে পারলেও চারজন নিখোঁজ ছিলেন। পরে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো আরও দুই জেলে নিখোঁজ রয়েছেন।