নোয়াখালীর সেনবাগে একটি বাড়িতে অভিযান চালিয়ে দেশীয় তৈরি পাইপগান, এক রাউন্ড কার্তুজ ও দুটি চাপাতি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অবৈধ অস্ত্র রাখার অভিযোগে মো. জাবেদ হোসেন (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) আহমেদ পেয়ার।
পুলিশ সূত্রে জানা যায়, রোববার দিবাগত রাত ২টার দিকে উপজেলার নবীপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বিষ্ণপুর এলাকার কালা মিয়ার বাড়িতে অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে জাবেদ হোসেনের বসতঘরে তল্লাশি চালায় পুলিশ।
তল্লাশির একপর্যায়ে তার শয়নকক্ষে তোষকের নিচে লুকিয়ে রাখা অবস্থায় একটি পাইপগান, একটি কার্তুজ ও দুটি চাপাতি পাওয়া যায়। পুলিশ জানায়, উদ্ধার করা পাইপগানটি লোহা ও কাঠের সমন্বয়ে দেশীয়ভাবে তৈরি। অস্ত্রগুলো জব্দের পর জাবেদ হোসেনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার জাবেদ হোসেন নবীপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বিষ্ণপুর গ্রামের মো. সিরাজ উদ্দিন মিন্টুর ছেলে।
পুলিশ জানিয়েছে, নোয়াখালী জেলা পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিনের সার্বিক নির্দেশনা ও তত্ত্বাবধানে জেলার বিভিন্ন এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় পাওয়া গোপন তথ্যের ভিত্তিতে সেনবাগ থানা পুলিশ এ অভিযান চালায়।
নোয়াখালী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) আহমেদ পেয়ার জানান, উদ্ধার করা অস্ত্র ও কার্তুজের বিষয়ে জাবেদ হোসেনের বিরুদ্ধে সেনবাগ থানায় মামলা করা হয়েছে। মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।