কুড়িগ্রামের রৌমারীতে দীর্ঘক্ষণ অপেক্ষা করেও ডিলারের দেখা না পেয়ে ক্ষুব্ধ কৃষকেরা একটি সার বিক্রয়কেন্দ্রের গোডাউনের টিনের বেড়া ভেঙে ভেতরে প্রবেশ করে শতাধিক বস্তা সার নিয়ে গেছেন বলে অভিযোগ উঠেছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার মহিলা কলেজপাড়া এলাকায় মেসার্স মিতা-হাসান এন্টারপ্রাইজের ডিলার পয়েন্টে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় কৃষকরা বলেন, সার সংগ্রহের জন্য বন্দবেড় ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডসহ আশপাশের এলাকার কৃষকেরা গভীর রাত থেকেই ডিলার পয়েন্টে জড়ো হতে থাকেন। দীর্ঘ সময় পার হলেও সার বিতরণ শুরু না হওয়ায় অপেক্ষমাণ কৃষকদের মধ্যে ক্ষোভ বাড়তে থাকে।
স্থানীয়রা জানান, সকাল ১১টা পর্যন্ত ডিলার সার বিতরণের জন্য না আসায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে একদল কৃষক গোডাউনের টিনের বেড়া ভেঙে ভেতরে ঢুকে সারের বস্তা বের করে নিয়ে যান।
মেসার্স মিতা-হাসান এন্টারপ্রাইজের সার ডিলার মতিয়ার রহমান বলেন, সকাল সাড়ে ৯টার দিকে সার বিতরণ শুরুর কথা ছিল। কিন্তু পরিস্থিতি উত্তপ্ত হয়ে পড়ায় প্রশাসনের সহযোগিতা নিতে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে যান। এর মধ্যেই উত্তেজিত কৃষকেরা গোডাউন থেকে আনুমানিক শতাধিক বস্তা ইউরিয়া সার নিয়ে যান। ঠিক কত বস্তা নেওয়া হয়েছে, তা দিন শেষে হিসাব করে জানা যাবে।
রৌমারী উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাহবুবুল আলম বসুনিয়া বলেন, উপজেলায় সারের কোনো সংকট নেই। কৃষকেরা ধৈর্য ধরে সার সংগ্রহ করলে সমস্যা হবে না। পরিস্থিতি স্বাভাবিক রাখতে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) থেকে খোলাবাজারে সার বিক্রির উদ্যোগ নেওয়া হবে। এর মাধ্যমে সার নিয়ে ছড়িয়ে পড়া গুজবও দূর হবে বলে আশা করছেন তারা।
রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুবুল হাসান বলেন, তিনি বিভিন্ন সার ডিলার পয়েন্ট পরিদর্শন করে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও কাজ করছেন। একটি সার বিক্রয়কেন্দ্রে কিছুটা বিশৃঙ্খলা দেখা দিয়েছিল। পরে প্রশাসনের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
কুড়িগ্রামে সারের গুদাম ভাঙার চেষ্টা, কৃষি কর্মকর্তা অবরুদ্ধ
সারের দাবিতে রাজশাহীতে মহাসড়ক অবরোধ