বর্জ্য থেকে বিদ্যুৎ কার্যক্রম সারা দেশে সম্প্রসারণ করা হবে: মীর শাহে আলম

রোহিঙ্গা ক্যাম্পে প্লাস্টিক বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের কার্যক্রম পর্যবেক্ষণ করে এ ধরনের উদ্যোগ দেশের অন্যান্য এলাকায় সম্প্রসারণের পরিকল্পনার কথা জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, বর্জ্যকে শুধু অপসারণ না করে বিদ্যুৎ ও জৈব সার উৎপাদনের মাধ্যমে সম্পদে রূপান্তর করতে চায় সরকার।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে উখিয়ার কুতুপালংয়ের ৪ নম্বর বর্ধিত রোহিঙ্গা ক্যাম্পে প্রকল্পটি পরিদর্শন করেন তিনি।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী প্রকল্পের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলেন। ক্যাম্পে প্রতিদিন উৎপন্ন বর্জ্য সংগ্রহ, বাছাই, পরিবহন ও প্রক্রিয়াজাতকরণের পাশাপাশি প্লাস্টিক বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ সম্পর্কে তিনি বিস্তারিত তথ্য নেন।

প্রকল্পসংশ্লিষ্টরা জানান, রোহিঙ্গা ক্যাম্পে বিপুলসংখ্যক মানুষের বসবাসের কারণে প্রতিদিন বিভিন্ন ধরনের বর্জ্য উৎপন্ন হচ্ছে। এর একটি উল্লেখযোগ্য অংশ প্লাস্টিক বর্জ্য। এসব বর্জ্য পরিকল্পিতভাবে সংগ্রহ ও পৃথকীকরণের মাধ্যমে ব্যবস্থাপনার আওতায় আনার পাশাপাশি পুনর্ব্যবহার এবং বিদ্যুৎ উৎপাদনে ব্যবহারের উদ্যোগ নেওয়া হচ্ছে।

প্রকল্পের অগ্রগতি ও বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়েও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন প্রতিমন্ত্রী। এ সময় তিনি নিয়মিত বর্জ্য সংগ্রহ, বর্জ্য পৃথকীকরণ ও পুনর্ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে প্রকল্প বাস্তবায়নে সংশ্লিষ্টদের সমন্বিতভাবে কাজ করার তাগিদ দেন।

পরিদর্শন শেষে মীর শাহে আলম বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকার সব ষড়যন্ত্র ভেদ করে কক্সবাজারকে যেকোনো মূল্যে একটি ভালো অবস্থানে নিয়ে যাবে। 

তিনি বলেন, বর্জ্য ব্যবস্থাপনার পাশাপাশি প্লাস্টিক বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ পরিবেশ সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ ধরনের প্রকল্পের কার্যকর বাস্তবায়নের মাধ্যমে একদিকে যেমন ক্যাম্পের বর্জ্য ব্যবস্থাপনা উন্নত হবে, অন্যদিকে প্লাস্টিক বর্জ্যের পুনর্ব্যবহার ও পরিবেশ দূষণ কমানোর সুযোগ তৈরি হবে।

পরিদর্শনকালে স্থানীয় সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল, জসিম উদ্দিন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মো. মনিরুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ নাসরুল্লাহ, প্রকল্প পরিচালক আবদুল কাইয়ূম এবং উখিয়া উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।