মোটরসাইকেলের চাকায় ইয়াবা বহনকালে যুবক গ্রেপ্তার

কক্সবাজারের চকরিয়ায় মোটরসাইকেলের চাকার ভেতরে অভিনব কায়দায় লুকিয়ে পাচারের সময় ১৭ হাজার পিস ইয়াবাসহ নুর মোহাম্মদ লিখন (৩০) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। চকরিয়া থানাধীন মালুমঘাট ইউনিয়নের জলদাশ পাড়া এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে শনিবার (৩ অক্টোবর) বিকেলে বিশেষ চেকপোস্ট বসিয়ে তাকে আটক করা হয়। গ্রেপ্তার লিখন শরীয়তপুর জেলার বাসিন্দা।

পুলিশ জানায়, থানা পুলিশের একটি বিশেষ টিম মহাসড়কে চেকপোস্ট পরিচালনা করছিল। বিকেলে কক্সবাজার থেকে আসা একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেলকে থামার সংকেত দেয় পুলিশ। থামানোর পর চালকের আচরণ সন্দেহজনক মনে হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। এক পর্যায়ে সে মোটরসাইকেলের চাকার ভেতরে বিশেষ কৌশলে ইয়াবা লুকিয়ে রাখার কথা স্বীকার করে।

পুলিশ তাকে গ্রেপ্তার করে মোটরসাইকেলটি মালুমঘাট বাজারের ওয়ার্কশপে নিয়ে যায়। সেখানে লোকজনের সামনে মোটরসাইকেলের সামনের ও পেছনের চাকা খোলা হয়। চাকার টায়ারের ভেতর থেকে বিশেষ কায়দায় রাখা ৩৮টি পোটলায় মোট ১৭ হাজার পিস ইয়াবা সদৃশ ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেলটি জব্দ করে পুলিশ।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতে মাদক পাচারকারীরা অভিনব কৌশল নিয়েছিল। তবে চকরিয়া থানা পুলিশ অত্যন্ত সতর্কতার সঙ্গে অভিযানটি চালিয়ে ইয়াবাসহ তাকে হাতেনাতে গ্রেপ্তার করে। আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।