বাংলাদেশি চিকিৎসক জাহিদুলের সন্ধানে এফবিআই

আপডেট : ০৪ অক্টোবর ২০২৬, ০৪:২৫ পিএম

হাসপাতালে নারী রোগীকে যৌন নিপীড়নের অভিযোগে জাহিদুল ইসলাম নামে বাংলাদেশি বংশোদ্ভূত এক চিকিৎসককে খুঁজে পেতে নতুন করে আবেদন জানিয়েছে যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)। ফিলাডেলফিয়ার একটি হাসপাতালে যৌন নিপীড়নের অভিযোগে প্রায় তিন দশক ধরে তিনি এফবিআইয়ের ওয়ান্টেড তালিকায় রয়েছেন।

শনিবার (৩ অক্টোবর) এফবিআইয়ের ওয়েবসাইট ও ফেসবুক পেজে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জাহিদুল ইসলাম সম্পর্কে এসব তথ্য জানানো হয়। এর আগে গত ১২ আগস্টও জাহিদুল ইসলামের বিষয়ে জনসাধারণের দৃষ্টি আকর্ষণ করেছে এফবিআই। সংস্থাটি এখনো তাকে ওয়ান্টেড হিসেবে তালিকাভুক্ত রেখেছে এবং তাকে খুঁজে বের করতে সহায়তা করতে পারে এমন তথ্য চেয়েছে। বিষয়টি এফবিআইয়ের ফিলাডেলফিয়া ফিল্ড অফিসের অধীনে রয়েছে।

এফবিআইয়ের তথ্য অনুযায়ী, তদন্তকারীদের অভিযোগ, জাহিদুল ওই নারী রোগীকে এমন ওষুধ দিয়েছিলেন, যার কারণে তিনি ঝিমিয়ে পড়েন। এরপর তিনি জোরপূর্বক ওই নারীকে যৌন নিপীড়ন করেন। পরে তার বিরুদ্ধে অঙ্গরাজ্য পর্যায়ে অভিযোগ দায়ের করা হয়। ১৯৯৭ সালের জুলাইয়ে পেনসিলভানিয়ার ইস্টার্ন ডিস্ট্রিক্ট থেকে তার বিরুদ্ধে ফেডারেল গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

বিজ্ঞপ্তিতে জাহিদুল ইসলামের জন্মতারিখ আনুমানিক ১৯৫৫ সালের ১ অক্টোবর উল্লেখ করা হয়েছে। তার জাতীয়তা বাংলাদেশি। এফবিআইয়ের দেওয়া শারীরিক বর্ণনা অনুযায়ী, তার উচ্চতা ৫ ফুট ৫ ইঞ্চি, ওজন প্রায় ১৬০ পাউন্ড। তার চুল কালো, চোখ বাদামি এবং তিনি চশমা ব্যবহার করতে পারেন। এফবিআইয়ের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, জাহিদুল ইসলাম তার স্ত্রী, যিনি পেশায় একজন চিকিৎসক, তার সঙ্গে ভ্রমণ করে থাকতে পারেন। কানাডার মন্ট্রিল ও যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যে তার যোগাযোগ ও যাতায়াতের তথ্যও রয়েছে।

জাহিদুল ইসলামকে ‘সশস্ত্র ও বিপজ্জনক’ হিসেবে উল্লেখ করে জনসাধারণকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে এফবিআই । তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে নিকটস্থ এফবিআই কার্যালয় অথবা মার্কিন দূতাবাস কিংবা কনস্যুলেটে যোগাযোগ করার আহ্বান জানিয়েছে সংস্থাটি। তবে, জাহিদুলের বাংলাদেশের স্থায়ী ঠিকানা, কোন মেডিকেল কলেজে পড়াশোনা করেছেন কিংবা বাংলাদেশে কখনো চিকিৎসক হিসেবে কাজ করেছেন কি-না তা জানা যায়নি।

জেএম
আরও পড়ুন