তিন উপজেলার মানুষের দুর্ভোগ, হালদায় সেতুর অপেক্ষায় প্রজন্মের পর প্রজন্ম

বিদ্যালয়, বাজার কিংবা চিকিৎসার প্রয়োজনে প্রতিদিন হালদা নদী পার হতে হয় তিন উপজেলার সীমান্তবর্তী এলাকার মানুষকে। ভরসা কখনো নৌকা, কখনো ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো। এভাবেই বছরের পর বছর চলছে তাদের পারাপার।

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার নাঙ্গলমোড়া বাজারসংলগ্ন হালদা নদীর ঘাটে একটি স্থায়ী সেতুর অপেক্ষা দীর্ঘদিনের। শুষ্ক মৌসুমে বাঁশের সাঁকো তৈরি করে কোনোমতে যোগাযোগ সচল রাখা হয়। বর্ষায় নদীর পানি ও স্রোত বাড়লে সেই সাঁকোও টেকে না। তখন পারাপারের একমাত্র ভরসা নৌকা।

সরেজমিনে দেখা যায়, প্রতিদিন শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এই ঘাট ব্যবহার করছেন। বিশেষ করে ফটিকছড়ির দক্ষিণাঞ্চল, রাউজানের নোয়াজিশপুর এবং হাটহাজারীর নাঙ্গলমোড়া এলাকার মানুষের কাছে ঘাটটি গুরুত্বপূর্ণ যোগাযোগপথ।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুষ্ক মৌসুমে মানুষের চলাচলের সুবিধার্থে প্রতিবছরের মতো এবারও বাঁশের সাঁকো নির্মাণ করেছেন ঘাটের ইজারাদার রুহুল আমিন মাঝি। এতে সাময়িকভাবে যাতায়াতের সুযোগ তৈরি হলেও স্থায়ী সমাধান মিলছে না।

২০১৭ সালের ২১ নভেম্বর প্রকাশিত দৈনিক ইত্তেফাকের এক প্রতিবেদনেও এ ঘাটের দুর্ভোগের চিত্র উঠে আসে। ওই সময় প্রতিবেদনে বলা হয়েছিল, শুষ্ক মৌসুমে বাঁশের সাঁকো দিয়ে প্রতিদিন প্রায় ২০ হাজার মানুষ চলাচল করতেন। বর্ষায় সাঁকো না থাকলে তিন হাজারের বেশি মানুষ নৌকায় নদী পার হতেন। তখন রাউজান উপজেলা প্রকৌশলী ৪২ মিটার দৈর্ঘ্য ও সাড়ে ৫ মিটার প্রস্থের একটি সেতু নির্মাণের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানোর কথা জানিয়েছিলেন।

দীর্ঘ সময় পেরিয়ে গেলেও স্থায়ী সেতু নির্মিত না হওয়ায় স্থানীয়দের দুর্ভোগের অবসান হয়নি।

সর্বশেষ ২০২৬ সালের ৮ জুলাই টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে হালদা নদীর প্রবল স্রোতে ওই এলাকার বাঁশের সাঁকো ভেঙে যাওয়ার খবর প্রকাশিত হয়। এতে তিন উপজেলার সীমান্তবর্তী এলাকার মানুষের যোগাযোগ মারাত্মকভাবে ব্যাহত হয়।
কয়েকটি প্রতিবেদনে প্রায় ৫০ হাজার মানুষের দুর্ভোগের কথা উল্লেখ করা হয়।

২০২৬ সালের ১৭ জানুয়ারি প্রকাশিত আরেকটি প্রতিবেদনে রাউজান উপজেলা প্রকৌশলী আবুল কালাম জানান, পশ্চিম ফতেহ নগর ও হাটহাজারীর নাঙ্গলমোড়া এলাকার মধ্যে হালদার ওপর সেতু নির্মাণের জন্য স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলীরা একাধিকবার এলাকা পরিদর্শন করেছেন। সেতু নির্মাণের প্রকল্প মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলেও তিনি জানিয়েছিলেন। তবে সেই প্রকল্পের সর্বশেষ অগ্রগতি সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, বাঁশের সাঁকো দিয়ে পারাপার বিশেষ করে শিশু, বয়স্ক ও অসুস্থ মানুষের জন্য ঝুঁকিপূর্ণ। বর্ষায় নদীর পানি বেড়ে গেলে নৌকায় পারাপার করতে হয়। এতে বাড়তি সময় ও অর্থ ব্যয়ের পাশাপাশি দুর্ঘটনার আশঙ্কাও থাকে।

একটি স্থায়ী সেতু নির্মিত হলে তিন উপজেলার মানুষের যাতায়াত সহজ হওয়ার পাশাপাশি শিক্ষা, চিকিৎসা, কৃষি ও ব্যবসা-বাণিজ্যে নতুন সম্ভাবনা তৈরি হবে। নদীর দুই পাড়ের মানুষের যোগাযোগও হবে আরও সহজ।

তবে দেশের গুরুত্বপূর্ণ প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীতে অবকাঠামো নির্মাণের ক্ষেত্রে পরিবেশ ও নদীর স্বাভাবিক প্রবাহ রক্ষার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার তাগিদ দিয়েছেন সংশ্লিষ্টরা।

ফটিকছড়ি আসনের সংসদ সদস্য ও বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য সরোয়ার আলমগীর বলেন,“বিষয়টি সম্পর্কে আমি অবগত হয়েছি। জনদুর্ভোগ লাঘবে সংশ্লিষ্ট সবার সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেব।”

স্থানীয়দের দাবি, পরিবেশগত বিষয়গুলো বিবেচনায় নিয়ে দ্রুত কারিগরি সমীক্ষা, সম্ভাব্যতা যাচাই এবং প্রয়োজনীয় অনুমোদনের মাধ্যমে সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হোক। 

তিন উপজেলার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা, হালদার ওপর একটি স্থায়ী সেতু নির্মাণের মাধ্যমে এই জনদুর্ভোগের অবসান হবে।