শীত ঘনিয়ে আসার আগে ফিলিস্তিনের গাজা উপত্যকায় সব সীমান্তপথ খুলে দিয়ে অবাধে মানবিক ও চিকিৎসাসামগ্রী প্রবেশের সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছে ৫৩টি দেশ ও আন্তর্জাতিক সংস্থার জোট। আশ্রয়কেন্দ্রের উপকরণ, জ্বালানি, ওষুধ, বিশুদ্ধ পানি ও স্বাস্থ্যসামগ্রীসহ জরুরি ত্রাণ সরবরাহে কোনো ধরনের বাধা না দেওয়ার দাবি জানিয়েছে তারা।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক বিবৃতিতে জাতিসংঘে ফিলিস্তিনের মিশন এ তথ্য জানায়। যুক্তরাজ্য, কাতার ও জর্ডানের নেতৃত্বে এ উদ্যোগ নেওয়া হয়েছে। গাজার ক্রমাবনতিশীল মানবিক ও স্বাস্থ্য পরিস্থিতি মোকাবিলাই এর লক্ষ্য।
বিবৃতিতে বলা হয়, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২৮০৩ নম্বর প্রস্তাবে অনুমোদিত সমন্বিত পরিকল্পনায় ২০২৫ সালের ১৯ জানুয়ারি সম্মত হওয়া মাত্রার চেয়ে কম নয়—এমন পরিমাণে অবিলম্বে পূর্ণাঙ্গ মানবিক সহায়তা প্রবেশের কথা বলা হয়েছে। কিন্তু এখনো সেই লক্ষ্য বাস্তবায়িত হয়নি।
বিবৃতিতে আরও বলা হয়, যুদ্ধবিরতির পর রাজনৈতিক সদিচ্ছা থাকলে গাজার মানবিক পরিস্থিতির উন্নতি সম্ভব—তার প্রমাণ পাওয়া গেছে। কিন্তু শীত আসন্ন হলেও বহু মানুষ এখনো পর্যাপ্ত আশ্রয় থেকে বঞ্চিত। ফলে হাইপোথার্মিয়া বা শরীরের তাপমাত্রা বিপজ্জনকভাবে কমে যাওয়া, শ্বাসতন্ত্রের সংক্রমণ, পানিবাহিত রোগসহ প্রতিরোধযোগ্য নানা অসুস্থতার ঝুঁকি বাড়ছে।
জোটভুক্ত দেশ ও সংস্থাগুলো ইসরায়েলের পরবর্তী সরকারকে গাজাজুড়ে দ্রুত ও বাধাহীন মানবিক সহায়তা প্রবেশের সুযোগ করে দেওয়ার আহ্বান জানিয়েছে। এ জন্য সব কার্যকর সীমান্তপথ ও স্থলপথ চালু রাখা এবং মিসর ও জর্ডানের মধ্য দিয়ে পরিচালিত মানবিক করিডরগুলোর পূর্ণাঙ্গ ও নিয়মিত কার্যক্রম নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।
বিশেষ করে আশ্রয়, জ্বালানি, পানি, পয়োনিষ্কাশন ও স্বাস্থ্যসেবার জন্য প্রয়োজনীয় সামগ্রী প্রবেশের অনুমতি দেওয়ার কথা বলা হয়েছে। এসবের মধ্যে ‘দ্বৈত ব্যবহারযোগ্য’ বা ডুয়াল-ইউজ পণ্যও রয়েছে—যেগুলো বেসামরিক কাজে ব্যবহৃত হলেও নিরাপত্তার কারণে অনেক সময় নিয়ন্ত্রণ বা বিধিনিষেধের আওতায় রাখা হয়।
গাজায় যেসব রোগী ও আহত ব্যক্তির চিকিৎসা সম্ভব নয়, তাঁদের পূর্ব জেরুজালেম ও পশ্চিম তীরের হাসপাতালে পাঠানোর চিকিৎসা-রেফারেল ব্যবস্থা পুনরায় চালুর ওপর গুরুত্ব দিয়েছে দেশগুলো।
একই সঙ্গে স্বাস্থ্যকর্মী, হাসপাতাল, চিকিৎসাকেন্দ্র ও চিকিৎসা পরিবহনের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে। আন্তর্জাতিক মানবিক আইন অনুযায়ী এসব স্থাপনা ও ব্যক্তির সুরক্ষা নিশ্চিত করতে হবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
স্বাস্থ্যকর্মী ও মানবিক সহায়তাকর্মীদের ওপর হামলার ঘটনায় দ্রুত, স্বচ্ছ ও কার্যকর ফৌজদারি তদন্তেরও দাবি জানিয়েছে জোট। পাশাপাশি গাজায় জ্যেষ্ঠ আন্তর্জাতিক প্রতিনিধিদল ও সাংবাদিকদের প্রবেশের অনুমতি দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
গাজার স্বাস্থ্যসেবা পুনরুদ্ধার এবং চিকিৎসা অবকাঠামো পুনর্গঠনে ফিলিস্তিনি কর্তৃপক্ষ, অন্তর্বর্তীকালীন ন্যাশনাল কমিটি ফর দ্য অ্যাডমিনিস্ট্রেশন অব গাজা (এনসিএজি), জাতিসংঘ ও অন্যান্য মানবিক সহায়তাকারী সংস্থার সঙ্গে সমন্বয়ের ওপর জোর দিয়েছে ৫৩ দেশের জোট।
বিবৃতিতে জাতিসংঘ ও এর বিভিন্ন সংস্থা, রেড ক্রস ও রেড ক্রিসেন্ট আন্দোলন এবং নিরপেক্ষ আন্তর্জাতিক মানবিক সংগঠনগুলোর ভূমিকার কথাও তুলে ধরা হয়েছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২৮০৩ নম্বর প্রস্তাব অনুযায়ী এসব সংস্থার মাধ্যমে মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার প্রয়োজনীয়তার কথা বলা হয়েছে।
শীত সামনে রেখে গাজার মানুষের জন্য আশ্রয়, পানি, পয়োনিষ্কাশন ও স্বাস্থ্যসামগ্রী সরবরাহে জরুরি প্রস্তুতিমূলক কার্যক্রমে সহায়তার প্রতিশ্রুতিও দিয়েছে জোটভুক্ত দেশ ও সংস্থাগুলো।
ইরানের জনগণের দৃঢ়তায় শত্রুপক্ষ পিছু হটতে বাধ্য হয়েছে: আইআরজিসি কমান্ডার
শান্তি আলোচনায় ইউরোপের অংশগ্রহণে পুতিনের সম্মতি, যা বললেন জেলেনস্কি
হুমায়ূন আহমেদের জন্মদিনে পাঠক-ভক্তদের পদচারণায় মুখরিত নুহাশ পল্লী