কক্সবাজারের উখিয়ায় ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৪ কোটি ২০ লাখ টাকা।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার পালংখালী সীমান্তের মিজানের ঘের এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করে ৬৪ বিজিবি।
আটক ব্যক্তিরা হলেন উখিয়ার বালুখালী ৮ নম্বর রোহিঙ্গা আশ্রয়শিবিরের ব্লক-বি এলাকার মো. মোক্তার হোসেনের ছেলে মো. জোবায়ের (২০) এবং কুতুপালং ৭ নম্বর আশ্রয়শিবিরের ব্লক-ই এলাকার মো. ওলি হোসেনের ছেলে রহিম মোল্লা (২৮)।
৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, নিয়মিত টহলের অংশ হিসেবে পালংখালী বিওপির বিশেষ টহল দল সীমান্তবর্তী মিজানের ঘের এলাকায় দায়িত্ব পালন করছিল। এ সময় মিয়ানমারের দিক থেকে পোটলা হাতে দুই ব্যক্তিকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে বিজিবি সদস্যদের সন্দেহ হয়। তাঁদের চ্যালেঞ্জ করা হলে তাঁরা দৌড়ে পালানোর চেষ্টা করেন। পরে বিজিবি সদস্যরা ধাওয়া করে দুজনকে আটক করেন।
তিনি আরও জানান, আটক ব্যক্তিদের সঙ্গে থাকা তিনটি পোটলা তল্লাশি করে ১৪টি কার্টনে মোট ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। ইয়াবাগুলো খাকি রঙের প্যাকেটে মোড়ানো ছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা মিয়ানমার সীমান্ত থেকে ইয়াবা সংগ্রহ করে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে বহন করছিলেন বলে জানিয়েছেন।
বিজিবির এই অধিনায়ক বলেন, মাদক সরবরাহকারী ও চোরাকারবারের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।