চট্টগ্রামের ফটিকছড়িতে চলতি মৌসুমে আমন ধানের ভালো ফলনের সম্ভাবনায় কৃষকদের মুখে হাসি ফুটেছিল।তবে ধান কাটার ভরা মৌসুমে বৈরী আবহাওয়া ও কয়েক দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে সেই আনন্দে ভাটা পড়েছে। পাকা ধান কাটতে বিলম্ব, কেটে রাখা ধান বৃষ্টিতে ভিজে যাওয়া এবং মাড়াই করা ধান শুকাতে না পারায় বিপাকে পড়েছেন কৃষকেরা। এতে বাড়তি খরচের পাশাপাশি ধানের গুণগত মান নষ্ট হওয়ার আশঙ্কাও দেখা দিয়েছে।
গত তিন-চার দিনের বৃষ্টিতে উপজেলার বিভিন্ন এলাকায় মাঠে কেটে রাখা ধান ভিজে গেছে। কোথাও জমিতে পড়ে আছে কাটা ধানের আঁটি, কোথাও মাড়াই করা ধান শুকানোর অপেক্ষায়। প্রতিকূল আবহাওয়ার কারণে সময়মতো ফসল ঘরে তুলতে না পারায় দুশ্চিন্তায় রয়েছেন কৃষকেরা।
উত্তর চট্টগ্রামের শস্যভান্ডার হিসেবে পরিচিত কাঞ্চননগরসহ উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, বৈরী আবহাওয়ার মধ্যেও কৃষকেরা ফসল ঘরে তোলার চেষ্টা করছেন। আধুনিক যন্ত্রের সাহায্যে ধান মাড়াইয়ের কাজ চললেও বৃষ্টিতে ভেজা ধান শুকানো নিয়ে বিপাকে পড়েছেন তারা।
উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে ফটিকছড়িতে ২২ হাজার ৩২০ হেক্টর জমিতে আমন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। তবে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে আবাদ হয়েছে ২৩ হাজার ৫৮০ হেক্টর জমিতে। অর্থাৎ লক্ষ্যমাত্রার চেয়ে ১ হাজার ২৬০ হেক্টর বেশি জমিতে আমন চাষ হয়েছে। ফটিকছড়ি ও উত্তর ফটিকছড়ি এলাকায় প্রায় ২৯ হাজার ৫৬০ জন কৃষক আমন ধানের আবাদ করেছেন।
কৃষকেরা জানান, আমন ধান কাটার পর দ্রুত জমি প্রস্তুত করে আলু, মরিচ, শিমসহ বিভিন্ন রবিশস্যের আবাদ শুরু করার পরিকল্পনা রয়েছে তাদের। বিশেষ করে আগাম সবজি চাষের জন্য সময়মতো জমি প্রস্তুত করা জরুরি। কিন্তু বৃষ্টির কারণে ধান কাটা ও শুকানোর কাজ পিছিয়ে গেলে পরবর্তী ফসলের আবাদেও দেরি হবে। এতে বাড়তি আয়ের সুযোগ হারানোর আশঙ্কা করছেন তারা।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে দেশে আমন ধানের উৎপাদন ছিল প্রায় ১ কোটি ৬৫ লাখ ১৪ হাজার মেট্রিক টন। ২০২৫-২৬ অর্থবছরে তা বেড়ে প্রায় ১ কোটি ৭৩ লাখ মেট্রিক টনে দাঁড়িয়েছে। অর্থাৎ এক বছরে উৎপাদন বেড়েছে প্রায় ৮ লাখ ৪৪ হাজার মেট্রিক টন। বিবিএসের তথ্যের ভিত্তিতে প্রকাশিত প্রতিবেদনে উন্নত জাতের বীজ, অনুকূল আবহাওয়া ও ভালো ফলনকে উৎপাদন বৃদ্ধির অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।
এদিকে চলতি ২০২৬-২৭ অর্থবছরের আমন মৌসুমে সারা দেশ থেকে ৩ লাখ মেট্রিক টন ধান, ৫ লাখ মেট্রিক টন সিদ্ধ চাল ও ৫০ হাজার মেট্রিক টন আতপ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। প্রতি কেজি ধান ৩৫ টাকা, সিদ্ধ চাল ৪৯ টাকা এবং আতপ চাল ৪৮ টাকা দরে সংগ্রহ করা হবে। ১৪ নভেম্বর থেকে ধান সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে।
ফটিকছড়ি উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবু সালেক বলেন, এ বছর ফটিকছড়ি ও ফটিকছড়ি উত্তর উপজেলায় প্রায় ২৯ হাজার ৫৬০ জন কৃষক আমন ধানের আবাদ করেছেন। কৃষকদের নিয়মিত প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছেন বিভিন্ন ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তারা। চলতি মাসের শেষ দিকে অধিকাংশ জমির ধান কাটা শেষ হবে বলে আশা করা হচ্ছে।
তিনি আরও বলেন, আমনের মাঠে এখন সোনালি ধানের সমারোহ। তবে গত কয়েক দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে কিছু কৃষকের কাটা ধান জমিতে পড়ে রয়েছে। একই সঙ্গে পাকা ধান কাটার কাজেও কিছুটা বিলম্ব হচ্ছে। আবহাওয়া অনুকূলে এলে দ্রুত ধান কাটার কাজ শেষ হবে বলে আশা করছেন তিনি।