মধ্যপ্রাচ্যের বাইরে যুদ্ধ ছড়িয়ে দেওয়ার আশঙ্কার মধ্যে কয়েক ডজন জ্বালানিবাহী জাহাজে সাইবার হামলার ঘটনায় ইরানের সম্ভাব্য সংশ্লিষ্টতা তদন্ত করছে যুক্তরাষ্ট্র। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে সোমবার (২৩ নভেম্বর) এ খবর প্রকাশ করেছে ওয়াল স্ট্রিট জার্নাল।
প্রতিবেদন অনুযায়ী, তেল, তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি), রাসায়নিক পণ্য এবং অন্যান্য বিস্ফোরক পদার্থ বহনকারী প্রায় ৫০টি জাহাজ সাইবার হামলার লক্ষ্যবস্তু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। কয়েকটি জাহাজে বোমা হামলার হুমকিও দেওয়া হয়েছে।
মার্কিন কর্মকর্তাদের ধারণা, এসব হামলার ঘটনায় ইরান প্রধান সন্দেহভাজন। তবে রাশিয়ার সংশ্লিষ্টতার সম্ভাবনাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
ওয়াল স্ট্রিট জার্নাল-এর প্রতিবেদনে বলা হয়েছে, জাহাজ চলাচলকারী প্রতিষ্ঠানগুলোকে আতঙ্কিত করা, গুরুত্বপূর্ণ সামুদ্রিক নৌপথে বিঘ্ন সৃষ্টি করা কিংবা মধ্যপ্রাচ্য থেকে অনেক দূরের কোনো বড় বন্দরে বিস্ফোরণ ঘটানো এ ধরনের উদ্দেশ্য থাকতে পারে হামলাকারীদের।
প্রতিবেদনে আরও বলা হয়, জাহাজের সমন্বিত পরিচালনব্যবস্থা বা ইন্টিগ্রেটেড অপারেটিং সিস্টেমে অনুপ্রবেশ করতে পারলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এর ফলে বিস্ফোরণ, জাহাজের সংঘর্ষ কিংবা তেল ছড়িয়ে পড়ে পরিবেশদূষণের মতো বিপর্যয় দেখা দিতে পারে।
মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রভাব আন্তর্জাতিক নৌবাণিজ্য ও জ্বালানি পরিবহনে আরও বিস্তৃত হতে পারে এমন উদ্বেগের মধ্যেই জাহাজগুলোতে সাইবার হামলার বিষয়টি সামনে এল।
মৃত্যুদণ্ডের পক্ষে আবারও সরব ট্রাম্প