বঙ্গোপসাগরের গভীর সমুদ্র থেকে মিয়ানমার আরাকান আর্মির হাতে আটক ৪১ জন জেলেকে কক্সবাজারের টেকনাফে আবারও ফেরত আনলো বিজিবি। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকালে টেকনাফ ব্যাটালিয়ন ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল তাজুল ইসলাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, বিভিন্ন সময়ে বঙ্গোপসাগরে মাছ শিকারের উদ্দেশ্যে যাওয়া বেশকিছু বাংলাদেশি জেলে অনিচ্ছাকৃতভাবে দেশের জলসীমা অতিক্রম করে মিয়ানমারের জলসীমায় প্রবেশ করে। তাদের মিয়ানমারের আরাকান আর্মি আটক করে নিয়ে যায়। পরবর্তীতে, আটক জেলেদের মিয়ানমারের অভ্যন্তরে সংশ্লিষ্ট সংগঠনের নিয়ন্ত্রিত স্থানে অথবা জেলখানায় সাজা দিয়ে আটক অবস্থায় রাখা হয়।
উদ্ভূত পরিস্থিতিতে জেলে পরিবারের দিকে তাকিয়ে মানবিক দিক বিবেচনায় বিজিবি তাদের উদ্ধার কার্যক্রম চালায়। বিজিবির উদ্যোগের ফলে আটক জেলেদের ধাপে ধাপে প্রত্যাবর্তনের বিষয়ে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে এবং পর্যায়ক্রমে তাদের হস্তান্তরের ব্যবস্থা গ্রহণ করা হয়। এ প্রেক্ষিতে, বিজিবির একটি প্রতিনিধিদল নাফ নদীর শূন্য লাইন থেকে আরাকান আর্মির নিকট থেকে মোট ৪১ জন জেলেকে গ্রহণ করে টেকনাফ জেটিঘাটে ফিরিয়ে নিয়ে আসে।
ইতোমধ্যে স্থানীয় উপজেলা প্রতিনিধি ও আইন প্রয়োগকারী সংস্থার মাধ্যমে তাদের পরিচয় নিশ্চিত করার কার্যক্রম চলমান রয়েছে। বর্তমানে দেশে ফিরিয়ে আনা জেলেদের তাদের পরিবারের নিকট হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এ সফল উদ্যোগের ফলে আটক জেলেদের পরিবার-পরিজনের মাঝে স্বস্তি ও আশ্বাসের পরিবেশ সৃষ্টি হয়েছে। মানবিক দৃষ্টিকোণ থেকে আটক জেলেদের প্রত্যাবর্তন একটি ইতিবাচক অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে।