মহেশখালীতে জমি নিয়ে বিরোধে হত্যা

কক্সবাজারের মহেশখালীতে জমি নিয়ে বিরোধের জেরে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে। গতকাল রোববার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কালারমারছড়া ইউনিয়নের মোহাম্মদ শাহ ঘোনা এলাকায় এই ঘটনা ঘটে। নিহত শাহাদাত হোসেন দোয়েল (৪২) মহেশখালীর মোহাম্মদ  শাহঘোনা এলাকার ফজল হকের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, এলাকায় আধিপত্য বিস্তার ও জায়গাজমি নিয়ে শাহাদাত হোসেনের সঙ্গে এক ব্যক্তির বিরোধ চলছিলো। এর জেরে গতকাল বিকেলে শাহাদাতের বড় ভাই লোকমান হোসেনের সঙ্গে ওই ব্যক্তির কথা-কাটাকাটি হয়। এ ঘটনাকে কেন্দ্র করে রাতে কয়েকজন শাহাদাতের ওপর হামলা চালান। এর একপর্যায়ে শাহাদাত হোসেনকে গুলি করা হয়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশ জানায়, নিহত শাহাদাত হোসেন দোয়েলের বিরুদ্ধে হত্যা-অপহরণসহ বিভিন্ন অভিযোগে ৮টি মামলা রয়েছে। হত্যাকাণ্ডের পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক বলেন, ‘আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে আগে থেকেই বিরোধ ছিল। গতকাল রাতে জমিতে পানি সেচের বিষয় নিয়ে প্রতিপক্ষের গুলিতে শাহাদাত হোসেন দোয়েল নিহত হন। ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে। মরহেদ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।