গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। 

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকালে ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার নিশিতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত পরীক্ষার্থীর নাম রাফসান (১৬)। রাফসান মুকসুদপুর উপজেলা সদরের মো. জাহিদুর রহমানের ছেলে।

পুলিশ ও নিহতের পরিবার সূত্র জানায়, মঙ্গলবার দুপুরে পারিবারিক কাজে মোটরসাইকেল চালিয়ে নিশিতলা এলাকায় যায় রাফসান। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মালবোঝাই ট্রাকের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সে গুরুতর আহত হয়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার সিদ্ধান্ত হয়। তবে ঢাকায় নেওয়ার পথে অ্যাম্বুলেন্সেই তার মৃত্যু হয়েছে।

এ বিষয়ে মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘দুর্ঘটনার বিষয়টি জানা আছে। আহতকে ঢাকায় নেওয়া হয়েছে। তবে এখন পর্যন্ত মৃত্যুর আনুষ্ঠানিক তথ্য পুলিশ পায়নি।

অন্যদিকে নিহতের বাবা মো. জাহিদুর রহমান সাংবাদিকদের জানিয়েছেন, ঢাকা নেওয়ার পথেই রাফসানের মৃত্যু হয়েছে।